ফারুক খান তুহিন
প্রকাশ: ২০১৮-১২-১৩ ১১:২৮:০৯ || আপডেট: ২০১৮-১২-১৩ ১১:৩০:০৮
ফারুক খান তুহিন, বীর কন্ঠ :
বান্দরবানে বিএনপি’র রাজনীতিতে দুই গ্রুপের মধ্যে মতানৈক্য থাকলেও অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোটের জন্য এক ছাতার নিচে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। ভোটের জন্য গণসংযোগ, মতবিনিময় সভা, পোষ্টার টানানো ও লিপলেট বিতরণে অংশ নিয়েছেন জেলা বিএনপি’র মাম্যাচিং-জাবেদ গ্রুপের নেতৃবৃন্দ । ঐক্যফ্রন্টের প্রার্থী জেরীর সমর্থনে উভয়গ্রুপের লোকজন জেলা শহরে ঝটিকা মিছিলও করে।
প্রসঙ্গত, ইতোপূর্বে সাচিংপ্রু জেরী ও মাম্যাচিং গ্রুপের মধ্যে মতবিরোধ বিদ্যমান ছিল।

বিএনপির দুই গ্রুপের ঐক্যের বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ বলেন, “বান্দরবান বিএনপিতে নেতৃত্ব নিয়ে মতানৈক্য থাকলেও, ভোটের জন্য সবাই এক হয়ে কাজ করছে। পৃথক পৃথকভাবে প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা। কারন এই নির্বাচন খালেদা জিয়ার জন্য।”

মাম্যাচিং ও জাবেদ রেজাকে প্রচার প্রচারণায় মাঠে দেখা যাচ্ছেনা কেন? এমন প্রশ্নের উত্তরে আব্দুল মাবুদ বলেন, “নেত্রী মাম্যাচিং ও জাবেদ রেজাকে শীঘ্রই বড় পরিসরের সমাবেশে আমাদের একসাথে দেখতে পাবেন। তারা নিজ নিজ অবস্থান থেকে কাজ করছেন। নেতাকর্মীদের ধানের শীষের জন্য নির্দেশনা দিচ্ছেন। পোষ্টার লিপলেট প্রিন্টও করছেন”।
তবে এ ব্যাপারে জানতে জাবেদ রেজার মুঠোফোনে একাধিকবার কল করলেও সংযোগ পাওয়া যায়নি।
এদিকে বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলে নৌকার প্রচারণায় চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
উল্লেখ্য, বান্দরবানের আওয়ামীলীগ দলের বর্তমান সাংসদ বীর বাহাদুরের সাথে প্রতিদ্বন্ধিতা করছেন ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপি নেতা জেরী ও ইসলামী আন্দোলনের মুফতি শওকত।