চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় আ.লীগের মুখর প্রচারণা, অন্য প্রার্থীর দেখা নেই                  

প্রকাশ: ২০১৮-১২-১৩ ২২:২৮:২৮ || আপডেট: ২০১৮-১২-১৩ ২২:২৮:২৮

আব্বাস হোসাইন অাফতাব,  রাঙ্গুনিয়া:

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া,বোয়ালখালী আংশিক) আসনে নির্বাচনী প্রচারণায় মুখর আওয়ামীলীগ কিন্তু অন্য প্রার্থীর দেখা নেই মাঠে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী হাছান মাহমুদের পোষ্টার, ব্যানার শোভা পাচ্ছে। ইসলামী ফ্রন্ট ঘরোয়া মতবিনিময় সভা ছাড়া এখনো প্রচারে নামেনি।

বৃহষ্পতিবার(১৩ ডিসেম্বর) সকাল ও দুপুরে  বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নৌকা প্রতীকের প্রার্থীর পোষ্টার-ব্যানার ছাড়া অন্য কোনো প্রার্থীর পোষ্টার বার ব্যানার চোখে পড়েনি। এমনকি আওয়ামীলীগ ছাড়া কোনো অন্য কোনো প্রার্থী কিংবা কর্মী-সমর্থকদের দেখা যায়নি।

এই আসনে আওয়ামীলীগ প্রার্থী ছাড়া নির্বাচন করছেন ২০ দলীয় জোটের প্রার্থী মো. নুরুল আলম(ধানের শীষ), ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা সৈয়্যদ আবু নওশাদ নঈমী (মোমবাতি), ইসলামী আন্দোলনের প্রার্থী নেয়ামত উল্লাহ(হাত পাখা), জেএসডি’র(জাতীয় সমাজতান্ত্রিক দল) মাহাবুবুর রহমান (তাঁরা), এনপিপি’র(ন্যাশনাল পিপলস পার্টি) জিয়াউর রহমান(আম)।

জানতে চাইলে ২০ দলীয় জোটের প্রার্থী মো. নুরুল আলম মুঠোফোনে প্রথম আলো’কে বলেন, “ আমি ২০ দলীয় জোটের প্রার্থী। আমাদের বহুদল রয়েছে। সবার সাথে সমন্বয় করতে একটু বিলম্ব হচ্ছে।  শীঘ্রই বিশাল শোডাউন করে সবাই মিলে প্রচারণায় নামব । ”

জানতে চাইলে উপজেলা বিএনপির একাংশের আহবায়ক শওকত আলী নূর বলেন, “ভোটের সুষ্ঠু পরিবেশ নেই। পুলিশী হয়রানি, নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো হচ্ছে। অনুকুল পরিবেশ না পাওয়ায় এখনো প্রচারণা শুরু করা যাচ্ছে না। রিটার্র্নিং কর্মকর্তার কাছে আমরা এই বিষয়ে অভিযোগ দেব।”

এদিকে, মঙ্গলবার আওয়ামীলীগের আনুষ্ঠানিক গণমিছিলের মাধ্যমে প্রচারণা শুরু করেছে দলটির কর্মী-সমর্থকরা। বিভিন্ন সভা-সমাবেশে করে প্রচারণা চালাচ্ছেন দলটির নেতাকর্মীরা। রাঙ্গুনিয়ার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় একযোগে নৌকা প্রতীকের সমর্থনে গণমিছিল করেছেন তাঁরা। তবে আ.লীগের প্রার্থী হাছান মাহমুদ এখনো আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেনি।

জানতে চাইলে উপজেলা আওয়ামীলীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরী বলেন, “হাছান মাহমুদ আ.লীগের কেন্দ্রীয় নেতা ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কোরের সদস্য।  কেন্দ্রের কাজ ঘুচিয়ে জাঁকজমকভাবে এলাকায় প্রচারণা শুরু করবেন তিনি।”

ভোটের মাঠে অন্য প্রার্থীদের দেখা যাচ্ছেনা কেন জানতে চাইলে তিনি বলেন, “

ভোটের মাঠে কারা আসবে না আসবে আমাদের দেখার বিষয় নয়। ২০ দলীয় জোটের প্রার্থী ভোট আসলে সবসময় বিএনপির বিপক্ষে অবস্থান নেন। সেজন্য তাঁর পক্ষে কোনো বিএনপি’র নেতাকর্মী নেই। ”

বিরোধী পক্ষের সব পক্ষ অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, “ তাঁরা মাঠে নামলে আমাদের পক্ষ থেকে কোন অসুবিধা নেই। তবে আমরা সাংগঠনিক কর্মতৎপরতা দিয়ে আমাদের প্রার্থীর হেট্রিক বিজয় নিশ্চিত করবো।

উপজেলা ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদক মো. করিম হাছান বলেন, , ‘আমরা বর্ধিতা সভা ও মতবিনিময় সভা করেছি। মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার প্রস্তুতি নেয়া হয়েছে। রাঙ্গুনিয়ায় আমাদের প্রচুর কর্মী-সমর্থক রয়েছে। সুষ্ঠু ভোট হলে মোমবাতি’র পক্ষে রায় যাবে।”

জেএসডি ও এনপিপি’ প্রার্থীর বক্তব্যে নেয়ার চেষ্ঠা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *