স্টাফ রিপোর্টার, চকরিয়া : কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের বিএনপি প্রার্থী হাসিনা আহমদের নির্বাচনী গাড়ীবহরে হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। শনিবার সকালে ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী ও সাফারী পার্ক এলাকায় পৃথক এ হামলার ঘটনা ঘটে। হামলায় বিএনপি প্রার্থী হাসিনা আহমেদকে বহনকারী গাড়ীসহ ৭টি গাড়ী ভাংচুর করা হয়েছে। ছিনতাই হয়েছে ২টি মোটর সাইকেল। এসময় ১০ নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা চকরিয়ার বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতরা হলেন, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা আলী আহমদ, ছৈয়দ আলম, আবদুল মান্নান, হারুনর রশীদ, মনজুর আলম। অন্য আহতদের নাম পাওয়া যায়নি। আহতদের মধ্যে গুরুতর মনজুর আলম নামের সাবেক ইউপি সদস্যকে মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, শনিবার সকাল ১০টার দিকে বিএনপির প্রার্থী হাসিনা আহমেদ ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী গিয়ে নির্বাচনী গণসংযোগ করেন। এসময় আওয়ামীলীগের কর্মীরা তাদের ধাওয়া করেন। পরে ফেরার পথে ১১টার দিকে সাফারী পার্ক গেট এলাকায় লাঠি হাতে আওয়ামীলীগের সশস্ত্র কর্মীরা হাসিনা আহমদের গাড়িতে হামলা চালায়। এসময় তার গাড়ীসহ ৭টি গাড়ী ভাংচুর করা হয়। বাদ যায়নি সাংবাদিক বহনকারী গাড়ীও।
বিএনপির প্রার্থী হাসিনা আহমেদ বলেন, নির্বাচনী প্রচারাভিযানে পথে পথে বাধা দিচ্ছে আওয়ামীলীগের সশস্ত্র লোকজন। এমনকি আমাদের কর্মীদের উপর পুলিশের উপস্থিতিতেও হামলা চালানো হয় । চকরিয়া-পেকুয়ার শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে আওয়ামীলীগের লোকজন। ৩০ ডিসেম্বর জনগণ এর জবাব দেবেন। হামলা ব্যাপারে অস্বীকার করে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, বিএনপি প্রার্থী হাসিনা আহমদের গণসংযোগে আওয়ামীলীগের কোন কর্মী হামলা করেনি। বিভিন্ন এলাকায় শান্তিপূর্নভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। প্রার্থীর প্রচার কাজে হামলা করার নির্দেশ আওয়ামীলীগ কখনো দেয়নি। চকরিয়া-পেকুয়ায় নৌকার জনপ্রিয়তা দেখে বিএনপির প্রার্থীর নানা অপপ্রচার চালাচ্ছেন বলে তিনি জানান।