চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে বর্তমান এমপি’র সাথে ২ সাবেক এমপি’র লড়াই

প্রকাশ: ২০১৮-১২-১৫ ১৯:৫৮:০১ || আপডেট: ২০১৮-১২-১৫ ১৯:৫৮:০১

শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী: চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে বর্তমান এমপি মহাজোট প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর নৌকা প্রতীকের সাথে সাবেক এমপি বিএনপি ২৩ দলীয় জোট তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর ধানের শীষ এবং আরেক সাবেক এমপি ও সাবেক সিটি মেয়র জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব মাহামুদুল ইসলাম চৌধুরীর মাঝে এবার লড়াইটা হবে বেশ হাড্ডাহাড্ডি। কেউ কাউকে নাহি ছাড়ে অবস্থান বাঁশখালীতে। মূলত ত্রিমুখী লড়াইয়ে এই তিন জনের যেই কেউ বিজয়ী হতে পারেন। পাশাপাশি জামায়াতের উপজেলা আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মাওলানা জহিরুল ইসলামের আপেল প্রতীকও রয়েছে আলোচনায়।

এর বাইরে বাঁশখালীতে আরো ৫ জন প্রার্থী থাকলেও একমাত্র ইসলামী আন্দোলন প্রার্থী মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনছারীর হাত পাখা প্রতীক ছাড়া অন্য প্রার্থী গুলো তেমন তৎপরতা নেই। দুই চারটি পোস্টার এবং হালকা মাইকিং এবং ঢিলেঢালা প্রচারণায় রয়েছেন ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী মুনিরুল ইসলাম আশরাফী, ন্যাপের কুড়েঘর প্রতীকের প্রার্থী ডাঃ আশীল কুমার শীল, ইসলামিক ফ্রন্টের চেয়ার প্রতীকের প্রার্থী মহিউল আলম চৌধুরী এবং জামায়াতের ঢেকি প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী মাওলানা বজল নামে মাত্র মাঠে রয়েছেন। বাঁশখালীতে সংসদ নির্বাচনে ৯ প্রার্থীর মধ্যে সর্বশেষ ২ প্রার্থী মহিউল আলম চৌধুরী এবং মাওলানা বজলের কোন ধরনের তৎপরতা এখনো শুরু হয়নি। এমনকি বজল নামের ওই প্রার্থীর সাথে বাঁশখালীর সাধারণ মানুষের পরিচয় এবং জানাশুনা পর্যন্ত নেই।

এদিকে মহাজোট প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিএনপি তথা ২৩ দলীয় জোটের প্রার্থী জাফরুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী মাহামুদুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম এবং ইসলামী আন্দোলন প্রার্থী মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনছারী প্রচার-প্রচারণা, গণসংযোগ ও পথ সভার মাধ্যমে নেতাকর্মীদের নিয়ে সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে। তাদের প্রচার-প্রচারণা বেশ চোখে পড়ার মত। প্রার্থীদের মাইকিং প্রচারণায় গানে গানে জনগণের সমর্থন ও ভোট চাওয়া হচ্ছে। তবে অনেক প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে বাঁশখালীতে প্রচারণা চালালেও প্রশাসন তাদের বিরুদ্ধে এখনো কোন ধরনের ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি। আজ (১৫ ডিসেম্বর) শনিবার সকাল ৮ টার দিকে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম পশ্চিম বড়ঘোনার সকাল বাজারে প্রকাশ্যে জন সমাবেশ ও পথসভার পাশাপাশি সকাল থেকে মাইক বাজিয়ে গন্ডামারা বড়ঘোনা এলাকায় প্রচারনা চালিয়েছেন। এই নিয়ে অন্যান্য প্রার্থীর সমর্থকদের মাঝে ক্ষোভ দেখা দিলেও প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের পদক্ষেপ নেয়া হয়নি। বাঁশখালী উপজেলা সদরসহ বিভিন্ন জায়গায় আযান এবং নামাজের সময়েও দেদারছে ঢোল বাদ্য বাজিয়ে গানে গানে প্রচার কাজ চালিয়ে প্রার্থীদের কর্মী সমর্থকরা। জাতীয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে বাঁশখালী উপজেলা। গ্রামে গঞ্জে, পাড়া মহল্লায় কিংবা দোকানপাটে চায়ের চুমুকে ঝড় তুলেছে নির্বাচনী সংলাপে।

নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরাও ভোটারদের উৎসাহিত করার লক্ষ্যে তৃণমূলের সাধারণ নেতাকর্মীদের সাথে নিয়ে আনাচে কানাছে ঘুরে বেড়াচ্ছে। ব্যস্ত সময় পার করছে গণসংযোগে আর সভা সমাবেশের মাধ্যমে। তুমুল প্রচারণায় যুক্ত হয়েছে আওয়ামীলীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সাধারণ নেতাকর্মী ও সমর্থকরা। জানা গেছে, বাঁশখালী আসনটি ফের ধরে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী। দীর্ঘদিনের কোন্দল ও দ্বিধাদ্বন্দ্ব উপেক্ষা করে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে ঐক্যের সুরে মিলিত হয়েছে তৃণমূল নেতাকর্মীরাও। ইতিমধ্যে তারা বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে নিজেদের একতার কথা জানান দিচ্ছে। বাঁশখালী আওয়ামীলীগের মাঝে দীর্ঘ দিনের দ্বিধাদ্বন্দ্বের অবসান হওয়ায় সাধারণ নেতাকর্মী ও সমর্থকরা অনেকটা আশাবাদী হয়ে উঠেছে এই আসনে আওয়ামীলীগের বিজয়ের ব্যাপারে।

অপরদিকে সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ও গত ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য বিএনপি প্রার্থী জাফরুল ইসলাম চৌধুরীও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এখন। গ্রামের প্রতিটি পাড়া মহল্লায় মিটিং সমাবেশ ও গণসংযোগের মাধ্যমে নিজের প্রার্থীতার কথা সাধারণ ভোটারদের মাঝে জানান দিচ্ছেন তিনি। এ আসনটিতে ৪ বারের বিজয়ী এই এমপি পুনরায় বিজয় ছিনিয়ে আনবেন এমনটাই প্রত্যাশা করেন বিএনপি তথা ২৩ দলীয় জোটের সাধারণ নেতাকর্মী ও সমর্থকরা। অন্যদিকে শুরুতেই তুমুল প্রচার-প্রচারণা শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ জহিরুল ইসলাম। তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে সভা সমাবেশের মাধ্যমে নিজের প্রার্থীতার কথা জানান দিচ্ছে সাধারণ ভোটারদের মাঝে। তার পক্ষে বাঁশখালীর বাইরে থেকে বহিরাগতদের এনেও নির্বাচনী প্রচারণায় যুক্ত করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও গত ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী নিজ দলের মনোনয়ন নিয়ে পুনরায় নির্বাচন অংশগ্রহণ করায় জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আবারো আশার সঞ্চার হয়েছে।

গত বুধবার হঠাৎ করেই হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে বাঁশখালী প্রধান সড়কে শোডাউন করেন চট্টগ্রামের সাবেক এই সিটি মেয়র। এরপর থেকেই নির্বাচনী প্রচারণায় মাহমুদুল ইসলাম চৌধুরীকে ঘিরে নতুন হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। আওয়ামীলীগ সমর্থিত বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরী ও খানখানাবাদ ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত সাবেক চেয়ারম্যান আবু ছিদ্দিক আবুসহ বেশ কয়েকজন সাবেক চেয়ারম্যান ও মেম্বার ইতিমধ্যে মাহমুদুল ইসলাম চৌধুরীর প্রচারণা যুক্ত হয়েছেন। ফলে স্বল্প সময়েই নৌকা এবং ধানের শীষের সাথে লাঙ্গল প্রতীকও মূল লড়াইয়ে ফিরে এসেছেন। মূলত বাঁশখালী সাবেক ও বর্তমান এই তিন সাংসদের মাঝেই মূল লড়াইটা হবে সেটা আগ থেকেই ধরে নেয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *