আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-১৮ ২৩:৪৪:৩৪ || আপডেট: ২০১৮-১২-১৮ ২৩:৪৪:৩৪
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও মহাজোট সমর্থিত প্রার্থী পটিয়া থেকে দু’দুবার নির্বাচিত সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরীকে আনুষ্ঠানিক সমাবেশের মাধ্যমে সমর্থন জানিয়েছেন জাতীয় পার্টি নেতৃবৃন্দ। জাতীয় পার্টি পটিয়া উপজেলা ও পৌরসভা শাখা কর্তৃক আয়োজিত এক যৌথ সমাবেশে এ সমর্থন জানানো হয়। এতে মহাজোট প্রার্থী সামশুল হক চৌধুরী বলেন, আমি বিগত দুবার পটিয়ায় এমপি নির্বাচিত হওয়ার পেছনে যেমন জাতীয় পার্টির সমর্থন ছিল তেমনি বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত সরকার গঠনেও জাতীয় পার্টির ভূমিকা সর্বজন বিধিত। তিনি জাতীয় পার্টিকে বাংলাদেশের ক্রান্তিকালে দু:সময়ের বন্ধু হিসেবে অভিহিত করে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ বাংলাদেশের স্থপতি জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জোটবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অংশীদার রয়েছে। যা আগামীতেও অব্যাহত রাখতে হলে জাতীয় পার্টিকে পটিয়ায় নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। তিনি পটিয়ায় আগামীতে জাতীয় পার্টির নেতাকর্মীদেকে যথাযথ সম্মান ও মূল্যায়ন করার আশ্বাস দিয়ে বলেন, আমরা পটিয়া থেকে দুর্নীতি, সন্ত্রাস ও ভূমিদস্যুর উৎপাত সহ সকল অরাজকতা নির্মূল করে দিয়েছি। বর্তমানে পটিয়ার মানুষ দরজা খুলে রাতে ঘুমায়। কেউ এখন আর চাঁদা চাওয়ার সাহস পায় না। পটিয়া এখন সবার জন্য একটি বাসযোগ্য নগরী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
বর্তমানে শেখ হাসিনার সরকার গ্রামকে শহরের সমমর্যাদায় অধিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ আবার মহাজোট সরকার গঠন করলে গ্রাম হবে শহর। তাই অতীতের সকল ভেদাভেদ ভুলে আমাদেরকে বাসযোগ্য পটিয়ার গৌরবময় ধারাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে ৩০ ডিসেম্বর নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, জাতীয় পার্টি মহাজোটের শরীক দল। সে হিসেবে পটিয়ায় জাতীয় পার্টি নৌকাকে সমর্থন দিয়ে কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নে এগিয়ে এসেছে। এখানে জাতীয় পার্টির আর কোন প্রার্থী থাকার কথা নয়। কেউ এ নিয়ে বাড়াবাড়ি করলে জাতীয় পার্টির নেতাকর্মীরাই এব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। এসময় জাতীয় পার্টির দক্ষিণ জেলার সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সামশুল আলম মাষ্টার বলেন, যিনি লাঙ্গলের প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন তাকে জাতীয় পার্টির নেতাকর্মীরা অবাঞ্চিত ঘোষণা করেছে। আমরা মহাজোটের শরীক হিসেবে নৌকা মার্কাকে বিজয়ী করতে বদ্ধ পরিকর।
গতকাল পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে মহাজোট প্রার্থী সামশুল হক চৌধুরীর সমর্থনে জাতীয় পার্টি আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দরা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। পটিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যানের সভাপতিত্বে ও পৌরসভা জাতীয় পার্টির সভাপতি সাবেক কাউন্সিলর আলহাজ্ব নুরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়ার মহাজোটের প্রার্থী দু’দুবার নির্বাচিত এমপি আলহাজ্ব সামশুল হক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির দক্ষিণ জেলা সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মেয়র সামশুল আলম মাষ্টার, বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, পৌর মেয়র ও উপজেলা আ’লীগ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, জেলা আ’লীগের সদস্য সেলিম নবী, মোজাহেরুল আলম চৌধুরী, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক দক্ষিণ ভূর্ষি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সেলিম, উপজেলা জাপা সাধারণ সম্পাদক কাজী খোরশেদ, পৌরসভা জাপার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সেলিম চৌধুরী, মনির আহমদ চেয়ারম্যান, আবদুস ছাত্তার, মাহবুবুল আলম বাঁশি, রনজিৎ ভট্টাচার্য্য কালু, ইকবাল হোসেন মেম্বার, মিলন কান্তি দাশ, যুব সংহতির জেলা সভাপতি জাহাঙ্গীর আলম মেম্বার, সাধারণ সম্পাদক দুলা মিয়া মেম্বার, ছাত্র সমাজ জেলা আহবায়ক এ.এম জসিম উদ্দিন, সদস্য সচিব মো. ইয়াছিন খান, জসিম উদ্দিন বাবর, রাজীব দাশ রাজু, ডা. খোরশেদ আলম, রঞ্জন ধর, মো. সানি, নাজিম মজুমদার, গোলাম মোস্তাফা প্রমুখ। এতে সামশুল আলম মাষ্টার বলেন, জাতীয় পার্টি দু:সময়ে আওয়ামী লীগকে বিজয়ে ভূমিকা রাখলেও সুসময়ে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে পটিয়ায় মূল্যায়ন করেনি। এরপরও আমরা এদেশের উন্নয়ন ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে এ সরকার অগ্রণী ভূমিকা পালন করায় পল্লীবন্ধু এরশাদের সিদ্ধান্ত মোতাবেক আবারো পটিয়ায় মহাজোটের প্রার্থী সামশুল হক চৌধুরীকে সমর্থন দিয়েছি। আমরা আশা করব নির্বাচিত হওয়ার পরে উন্নয়নের ক্ষেত্রে প্রশংসিত ব্যক্তি দু’দুবার নির্বাচিত এমপি সামশুল হক চৌধুরী জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে যথাযাথ মূল্যায়ন করবেন। এসময় পটিয়ার মহাজোট প্রার্থী সামশুল হক চৌধুরী জাতীয় পার্টিকে যথাযথ মূল্যায়ণের ঘোষণা দিলে সমাবেশ স্থলটি মিছিলে মুখরিত হয়ে উঠে। এতে সবাই বলেন শেখ হাসিনার মার্কা নৌকা, এরশাদের মার্কা নৌকা, উন্নয়নের মার্কা নৌকা।
তারা সম্মিলিত ভাবে আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ থাকার শপথ নেন।