আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২০ ০০:২০:৩৩ || আপডেট: ২০১৮-১২-২০ ০০:২০:৩৩
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : আর মাত্র ৯ দিন পরেই জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনের দিনক্ষণ যথই ঘনিয়ে আসছে পটিয়ায় আ’লীগের ঐক্যবদ্ধতার পাল্লা ভারী হচ্ছে। অপরদিকে দীর্ঘদিন ত্রিধাবিভক্ত থাকা বিএনপিতে ভর করেছে সংশয়। তাদের অভিযোগ পুলিশী ভয় সহ নানা কারণে তারা সংগঠিত হতে পারছে না। ফলে ৯ম ও ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আ’লীগ থেকে এ আসনটি পুনরুদ্ধার করা নিয়ে শংকায় ভুগছেন বিএনপি নেতা কর্মীরা। বর্তমানে আ’লীগ তফশীল ঘোষণার পর থেকে নিজেদের আন্ত:দলীয় কোন্দল নিরসন করে প্রতিটি কেন্দ্র কমিটি গঠন কাজ সম্পন্ন করেছে। কিন্তু বিএনপি প্রার্থী অপরাপর মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে সমাবেশ করে সমর্থন আদায় করলেও মাঠে ময়দানে বিশেষ করে কেন্দ্র ভিত্তিক দল গুছাতে পারেনি এখনো। তবে তারাও কেন্দ্র কমিটি গঠন কাজ এগিয়ে নিচ্ছেন বলে দায়িত্বশীল সূত্র জানায়।
জানা যায়, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনের ১টি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ২ লক্ষ ৮৫ হাজার ৯ শত ৬৫ জন। তারমধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৩ শত ৩৯ জন আর নারী ভোটার রয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৬ শত ২৬ জন। নির্বাচনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১১১টি এতে বুথ থাকবে মোট ৬৭৯ টি। এতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটিয়া আসনে বিভিন্ন দল থেকে সংসদ সদস্য প্রার্থী হয়ে সর্বশেষ টিকে রয়েছেন নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগের মনোনীত প্রাথী বিগত দু’বারের বিজয়ী সাংসদ সামশুল হক চৌধুরী, ধানের শীষের প্রতিক নিয়ে নির্বাচন করছেন বিএনপির মনোনীত প্রাথী এনামুল হক এনাম, লাঙ্গল প্রতিক নিয়ে জাপার প্রাথী নুরুচ্ছফা সরকার, মোমবাতি প্রতিক নিয়ে ইসলামী ফ্রন্টের প্রার্থী এম.এ মতিন, মই প্রতিক নিয়ে বাম জোটের বাসদের প্রার্থী স.ম ইউনুচ, চেয়ার প্রতিক নিয়ে পান ইসলামিক ফ্রন্টের প্রার্থী মঈন উদ্দিন চৌধুরী, টেলিভিশন প্রতিক নিয়ে বিএনএফের প্রার্থী দীপক কুমার, হাত পাকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন ইসলামী আন্দোলনের প্রার্থী দেলোয়ার হোসেন সাকি।
বর্তমানে ৮ জন প্রার্থী নির্বাচন করলেও পটিয়ায় প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন মহজোট প্রার্থী, আ’লীগ থেকে দু’দুবার নির্বাচিত সংসদ সদস্য সামশুল হক চৌধুরী ও ঐক্য ফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী এনামুল হক এনাম। এ নির্বাচনে তফশীল ঘোষণার পর থেকেই আ’লীগ ও মহাজোট প্রার্থী সামশুল হক চৌধুরী নিজ ঘরে জ্বলতে থাকা দীর্ঘ দিনের তুষের আগুন নিভাতে সক্ষম হয়েছেন। তার সাথে দলের মনোনয়ন প্রত্যাশীরা সবাই তাকে নির্বাচনী কর্মীসমাবেশে এসে সমর্থন দিয়ে নৌকার জন্য কাজ করার অঙ্গীকার করেন। এমনকি পটিয়ায় লাঙ্গল প্রতিক নিয়ে একজন প্রার্থী নির্বাচন করলেও দক্ষিণ জেলা, পটিয়া উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টি মঙ্গলবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কর্মী সভা ডেকে নৌকার প্রার্থী সামশুল হক চৌধুরীকে সমর্থন দিয়েছেন। ফলে মহাজোট প্রার্থীর ঐক্য নিয়ে পটিয়া এখন টক অব দি টাউনে পরিণত হয়েছে। কিন্তু বিএনপি প্রার্থী এনামুল হক এনাম তার সাথে দল থেকে মনোনয়ন প্রত্যাশী অপরাপর প্রার্থীদেরকে এক মঞ্চে আনতে না পারলেও পৃথক পৃথক সমাবেশের মাধ্যমে সমর্থন আদায় করেছেন। তাকে সবাই ধানের শীষের বিজয়ের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু মাঠে ময়দানে দলটিতে সমন্বয় চোখে পড়ছে না। তৃণমূলের কর্মীরা দলের মাঝে বর্তমানে বিরাজমান দূরত্ব কমিয়ে কেন্দ্র ভিত্তিক কমিটির কার্যক্রম এগিয়ে নেওয়ার আহবান জানান।
এব্যাপারে জানতে চাইলে দলের কর্মী মো. ফিরোজ বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিক ধানের শীষ। আমরা ভোট দিলে ধানের শীষেই দেবো। কিন্তু পরিবেশ যদি না থাকে আমরা কিভাবে কেন্দ্রে যাবো। আমরা ভোটের সুষ্টু পরিবেশ চাই। মাহবুবুল আলম নামে প্রবাসী এক আ’লীগ নেতা বলেন, সামশুল হক চৌধুরী পটিয়ায় ব্যাপক উন্নয়ন করেছেন। তার এ উন্নয়ন শহর ছাড়িয়ে গ্রাম ও পাড়া মহল্লা পর্যন্ত ছাড়িয়েছে। বর্তমানে সরকার যে ইশতেহার দিয়েছেন তার মধ্যে রয়েছে গ্রাম হবে শহর। যা সামশুল হক চৌধুরী আগে থেকেই বাস্তবায়ন করে যাচ্ছেন। আমার বিশ্বাস এবার তিনি বিপুল ভোট পেয়ে হ্যাট্রিক বিজয় অর্জন করবেন।
বিএনপি প্রার্থী এনামুল হক এনাম বলেন, আমরা আজ কঠিন সময় অতিক্রম করছি। আমরা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন হিসেবে নির্বাচন করছি। আমরা এখন পটিয়ায় অধিকাংশ কেন্দ্র কমিটি গঠন কাজ সম্পন্ন করেছি। আমাদের মাঝে কোন কোন্দল নেই। আমরা সবাই এক পরিবারের সদস্য। আমাকে পটিয়ার জনগণ গণতন্ত্রের মা বেগম জিয়াকে মুক্ত করার জন্য ধানের শীষে ভোট দিয়ে ৩০ তারিখ জয়যুক্ত করবেন এ প্রত্যাশা করি। আ’লীগের মনোনীত ও মহাজোট প্রাীর্থ সামশুল হক চৌধুরী বলেন, বিগত ১০ বছরে অভাবনীয় উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস, দুর্নীতিমুক্ত হয়েছে পটিয়া। যার ধারাবাহিকতা রক্ষা হলে পটিয়া হবে মডেল জনপদ। তিনি নৌকাকে জয়যুক্ত করে উন্নয়নের ধারা বজায় রাখার আহবান জানান।