প্রকাশ: ২০১৮-১২-২০ ২৩:১৮:০০ || আপডেট: ২০১৮-১২-২০ ২৩:১৮:০০
আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রাম চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) আসনে আ.লীগ প্রার্থী সরব প্রচারণা চালালেও বিরোধী প্রার্থীর প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে ২০ দলীয় জোটের প্রার্থী মো. নুরুল আলমের (ধানের শীষ) প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ করেছেন প্রার্থী নিজেই। উপজেলার হোছনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুর ষ্টেশন এলাকায় গনসংযোগ ও প্রচারপত্র বিলি করতে গেলে আ.লীগের লোকজন বাধা দেয় বলে অভিযোগ করেন তিনি। বাধা পেয়ে তিনি প্রচারণা না করে চট্টগ্রাম নগরীর বাসায় ফিরে যান বলে জানান। জোটের প্রার্থী ছাড়াও ইসলামী ফ্রন্ট (মোমবাতি) ও এনপিপি’র (আম)প্রার্থীকেও প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ করেছেন। জানতে চাইলে ২০ দলীয় জোটের প্রার্থী নুরুল আলম মুঠোফোনে বলেন,“ নিশ্চিন্তাপুর ষ্টেশন এলাকায় কয়েকজন কর্মীকে নিয়ে গনসংযোগ ও প্রচারপত্র বিলি করতে গেলে আ.লীগের লোকজন বাধা দিয়ে এলাকা থেকে চলে যেতে বলে।
পরিস্থিতি দেখে গাড়ি নিয়ে এলাকা ত্যাগ করি। ” প্রচারণায় বিএনপির নেতাকর্মীর অনুপস্থিতির কারন জানতে চাইলে তিনি বলেন, “ ঢাকঢোল পিঠিয়ে এখন প্রচারণার পরিস্থিতি নেই। বিএনপি’র নেতাকর্মীরা সবাই আমার সাথে। সময় হলে সবাই নামবে। ” ইসলামী ফ্রন্টের প্রার্থী সৈয়্যদ আবু নওশাদ নঈমী বলেন, “ সোমবার (১৭ ডিসেম্বর) পোমরা ইউনিয়নে গনসংযোগ করতে গেলে আ.লীগের লোকজন প্রচারণায় বাধা দেয়। বাধার কারনে আমরা আপাতত গনসংযোগে যাচ্ছিনা। তবে বিভিন্ন এলাকায় মোমবাতি প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়ে প্রচারপত্র ও পোষ্টার পাঠানো হয়েছে। ” এনপিপি’র (ন্যাশনাল পিপলস পার্টি) প্রার্থী জিয়াউর রহমান অভিযোগ করে বলেন, “ আমার নিজ এলাকা চন্দ্রঘোনায় বিরোধী প্রার্থীর লোকজন পোষ্টার লাগাতে ও প্রচারণা চালাতে দিচ্ছেনা। ” বিরোধী প্রার্থীদের আ.লীগের লোকজনের বাধা দেয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা আ.লীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরী অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, “ নির্বাচনী মাঠে কেউ যদি প্রচারণায় চালায় আমাদের কোনো অসুবিধা নেই। অতীতে নির্বাচনের সময়ে নুরুল আলম বিএনপির প্রার্থীর বিপক্ষে অবস্থান নেন। বিএনপি’র ক্ষুব্ধ নেতাকর্মীরা প্রচারণায় বাধা দিচ্ছেন।” রোববার(১৬ ডিসেম্বর) থেকে ঝটিকা প্রচারণায় নেমেছেন ২০ দলীয় জোটের প্রার্থী ও এলডিপি’র সভাপতিমন্ডলীর সদস্য মো. নুরুল আলম।
ঐদিন তিনি পারুয়া, দক্ষিণ রাজা নগর ও লালা নগর ইউনিয়নের ৬ স্থানে প্রচারণা চালিয়েছেন। মঙ্গলবার(১৮ ডিসেম্বর) সকালে পদুয়া ইউনিয়নের রাজার হাট, সোমবাইজ্যা হাট ও শিলক ইউনিয়নের ৩ স্থানে গনসংযোগ করেন। বুধবার(১৯ ডিসেম্বর) সকালে হোছনাবাদ ইউনিয়নে প্রচারণায় নামলে বাধার মুখে ফিরে যান তিনি। এদিকে আ.লীগের প্রার্থী হাছান মাহমুদ(নৌকা)প্রতিদিন এলাকায় সরব প্রচারণা চালাচ্ছেন। রোববার(১৬ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বিজয় মিছিলের ব্যানারে নৌকায় ভোট চেয়ে প্রচারণা চালান তিনি। বিভিন্ন এলাকায় উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে চলছে গান ও মাইকিং। প্রতিটি ইউনিয়নে আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নৌকা প্রতীকের প্রচারণায় মুখর করে তুলেছেন গ্রামের পর গ্রাম।