চট্টগ্রাম, , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

চকরিয়ায় পৌর বিএনপির সাবেক সা: সম্পাদক ফরাজী গ্রেফতার : আবারও আ.লীগ অফিসে অগ্নিসংযোগ

প্রকাশ: ২০১৮-১২-২২ ০০:৫৪:৪১ || আপডেট: ২০১৮-১২-২২ ০০:৫৪:৪১

 চকরিয়া অফিস : চকরিয়ায় আবারও আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। শুক্রবার ভোর রাতে খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে আগুন ধরিয়ে দিলে পুড়ে ছাই হয়ে যায়। এনিয়ে গত এক সপ্তাহে আওয়ামী লীগের তিনটি অফিসে অগ্নিসংযোগ, প্রচারকালে কর্মীদের উপর হামলা, একটি অফিস ভাংচুর ও গুলি বর্ষণ ছাড়াও নির্বাচনী প্রচার গাড়ী পুড়িয়ে দেয়ার ঘটনায় থানায় পৃথক ৫টি মামলা দায়ের করা হয়েছে।

এসব মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ২১৯জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আসামী করা হয়েছে। অজ্ঞাত আরো দুই শতাধিক কর্মী এসব ঘটনায় জড়িত বলে দাবী করা হয়। এসব মামলায় অভিযুক্তদের মধ্যে ৬জনকে আটক করা হয়েছে। তৎমধ্যে শুক্রবার বিকালে আটক করা হয় চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক ফখরউদ্দিন ফরায়েজীকে। চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী বলেন, শুক্রবার ভোররাত ১টার দিকে খুটাখালী ইউনিয়ন আওয়ামী লীগের অফিস পুড়িয়ে দিয়েছে বিএনপির ক্যাডাররা। এর আগে লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস, ঢেমুশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের অফিসে অগ্নিসংযোগ, হামলা, ভাংচুর ও গুলিবর্ষণ করা হয়েছে।

 বরইতলী ইউনিয়নে নির্বাচনী প্রচার গাড়ীতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়। লক্ষ্যারচরের ঘটনায় ৪৩ জন, ঢেমুশিয়ার ঘটনায় ৫৮জন, চিরিঙ্গার ঘটনায় ২২জন, বরইতলীর ঘটনায় ৫১জন ও খুটাখালীর ঘটনায় ৪৫জন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আসামী করা হয়েছে পৃথক ৫টি মামলায়। এ মামলা গুলোতে অজ্ঞাত আরো ২শতাধিক নেতাকর্মী জড়িত রয়েছে বলে এজাহারে দাবী করা হয়। চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, শুক্রবার বিকাল পর্যন্ত এসব মামলার অভিযুক্ত ৬জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব ফখরউদ্দিন ফরায়েজী, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হাফেজ, ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরুল আবছার, ঢেমুশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছাবের আহমদ মেম্বার, উপজেলা যুবদলের আহবায়ক ইব্রাহীম খলিল কাকন। অন্য অভিযুক্তদের আটক করতে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *