শফকত হোসাইন চাটগামী
বাঁশখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২২ ০০:১৭:২১ || আপডেট: ২০১৮-১২-২২ ০০:১৭:২১
বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালীর চাম্বলে জাতীয় পার্টির প্রার্থী সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর নির্বাচনী সমাবেশ শেষে ফেরার পথে আজ শুক্রবার সন্ধ্যায় হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরীর গাড়ি ছাড়াও একাধিক গাড়ি ভাঙচুর হয়েছে। হামলায় গুলিবিদ্ধ ও আহত হয়েছেন অন্তত ২৫ জন। এই ঘটনায় বাঁশখালীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনায় গুলিবিদ্ধ মেম্বার দিদার (৩৪), কপিল উদ্দীন (৪২),হাসান (২৬), আজিজ আহমদ( ৬১), রাসেল (২২), মাহমদ (২৬), সিরাজ মিয়া (৫৫), রমিজ(৩৫), আব্দুর রহিম(৫৫), আজিজ আহমদ (৫৬)কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
হামলার ঘটনায় জাতীয় পার্টির পক্ষ থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুজিবুল হক চৌধুরী ও নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের দায়ী করা হয়েছে। অপরদিকে আওয়ামীলীগের পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপি জামায়াতের কর্মীরা হামলা চালিয়ে আওয়ামীলীগের উপর দায় চাপানো হচ্ছে। বাঁশখালী থানার ওসি কামাল হোসেন জানান, ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজিবিও ঘটনাস্থলে রয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।