আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৪ ০০:০৭:১২ || আপডেট: ২০১৮-১২-২৪ ০০:০৭:১২
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : দুর্নীতিবিরোধী সংগঠন টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), পটিয়ার কার্যক্রমের সাথে নতুন সম্পৃক্ত ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের বেসিক ওরিয়েন্টেশন ২৩ ডিসেম্বর পটিয়া ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়। বেলা এগারটায় উক্ত ওরিয়েন্টেশন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সনাক সভাপতি অধ্যক্ষ মুহম্মদ আবু তৈয়ব। ইয়েস উপ-দলনেতা দীপ্ত বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সেশানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন টিআইবি’র সাধারণ পর্ষদ সদস্য ও সনাক চট্টগ্রামের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার। এসময় তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীন বাংলাদেশ আজ দুর্নীতির কারণে উন্নতির শিখরে উঠতে পারছেনা। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে হলে এদেশ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। এজন্য প্রয়োজন দুর্নীতিরি বিরুদ্ধে জোরালো সামাজিক আন্দোলন। তাই দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসেবে তরুণ সমাজকেই এই আন্দোলনে নেতৃত্ব দিতে হবে। তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে টিআইবি’র দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে যুক্ত হওয়ার জন্য তরুণদের আহবান জানান।
ওরিয়েন্টেশনে মূল সেশান পরিচালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. জসিম উদ্দিন। উদ্বোধনী সেশনে সনাক সভাপতি অধ্যক্ষ মুহম্মদ আবু তৈয়ব নতুনদের উদ্দেশ্যে বলেন, দুর্নীতি বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায়। তাই তরুণ প্রজন্মকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আগে নিজেকে বদলাতে হবে, তারপর দেশের যাবতীয় অনিয়ম দুর করতে এগিয়ে আসতে হবে। তরুণরা দেশের বিভিন্ন সংকট মোকাবেলায় অতীতে যেভাবে ভূমিকা রেখেছে, ঠিক সেভাবে দুর্নীতির মতো প্রধান সমস্যা দূরীকরণে তরুণদের এগিয়ে আসতে হবে। ওরিয়েন্টেশনে নতুন সম্পৃক্ত ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের দুর্নীতি কি, দুর্নীতির ক্ষতি, দেশপ্রেম, টিআই, টিআইবি, বিবেক প্রকল্প এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে তরুণদের ভূমিকা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিকেলে সমাপনী সেশনে উপস্থিত নতুন ও পুরাতন সকল সদস্যদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান সনাক সহ-সভাপতি শীলা দাশ। মোট ৩১ জন সদস্য এতে অংশগ্রহণ করেন। ওরিয়েন্টেশন শেষে নতুন-পুরাতন ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের অংশগ্রহণে একই স্থানে মাসিক ইয়েস সভা অনুষ্ঠিত হয়।