চট্টগ্রাম, , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় বিএনপি ও আ’লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ : আহত ৮

প্রকাশ: ২০১৮-১২-২৬ ০০:৩১:৩৭ || আপডেট: ২০১৮-১২-২৬ ০০:৩১:৩৭

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় শ্রীমাই ব্রীজ এলাকায় গতকাল বিএনপি প্রার্থী এনামুল হক ও আওয়ামী লীগ প্রার্থী সামশুল হক চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮ জন আহত হয় এবং দুটি মোটর সাইকেল ভাংচুর হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ পটিয়ার কচুয়াই এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হকের গণসংযোগের কর্মসূচী ছিল।

এ উপলক্ষে সকাল থেকে তার কর্মী সমর্থকরা শ্রীমাই ব্রীজ এলাকায় তাকে স্বাগত জানাতে জড়ো হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, তাদের একটি মিছিল শ্রীমাই এলাকা অতিক্রম করার সময় এতে বিএনপি কর্মীরা হামলা করলে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ৮ জনের মত নেতাকর্মী আহত হয়। বিএনপি প্রার্থী এনামুল হক এনাম অভিযোগ করেন আমাদের গণজোয়ার দেখে সরকারী দলের কর্মী সমর্থকরা ধানের শীষের নেতাকর্মীদের উপর চড়াও হয়। পরে সংঘর্ষে সায়েম, হিরো, বাচ্চু, জেবল হোসনে, সাকিব ও আবছার সহ ৮ জন আহত হয় বলে তিনি দাবী করেন।

গতকাল তিনি অভিযোগ করেন, সরকারী দল আমাদের কর্মী সমর্থকদেরকে গণসংযোগে বাধা প্রদান করলে ঘটনার সূত্রপাত হয়। পরে থানায় ফোন করলে অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্লাহ সহ একদল পুলিশ শ্রীমাই ব্রীজ এলাকায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু অবস্থা বেগতিক দেখায় তিনি আমাকে কচুয়াই এলাকায় আজকের গণসংযোগ স্থগিত করার জন্য অনুরোধ করেন। আমি প্রশাসনের নির্দেশনার প্রতি শ্রদ্ধা প্রদর্শণ করে কচুয়াইয়ে গণসংযোগ করিনি। তবে খরনা ও শ্রীমাই এলাকায় গণসংযোগ করেছি।

কচুয়াই ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিম বলেন, নৌকার সমর্থিত একটি মিছিল শ্রীমাই এলাকা অতিক্রম করার সময় ধানের শীষের কর্মী সমর্থকরা মিছিলে হামলা করে এবং দুটি মোটর সাইকেল ভাংচুর করে। এ নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে জানতে চাইলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সামশুল হক চৌধুরী বলেন, মূলত নাশকতা সৃষ্টি করার জন্য তারা শ্রীমাই ব্রীজ এলাকায় জড়ো হয়েছিল। এমনকি তারা সংঘবদ্ধ হয়ে নৌকা প্রতিকের একটি শান্তিপূর্ণ মিছিলের উপর হামলা করে ভিত্তিহীন অভিযোগ করছে। প্রকৃতপক্ষে পটিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তফশীল ঘোষণার পর থেকে এ পর্যন্ত কোথাও ধানের শীষ কেন, কোনো প্রতিকের প্রার্থীকে গণসংযোগে বাধা দেওয়া হয়নি। তারা নৌকার গণজোয়ার দেখে ঈর্ষান্বিত হয়ে ভিত্তিহীন অভিযোগ দাঁড় করিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

এছাড়াও তাদের উদ্দেশ্যে নির্বাচন বানচাল করা। এ ধরণের অভিযোগ দিয়ে তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে নির্বাচন বানচালেরও অপচেষ্ঠায় লিপ্ত রয়েছে। আমি নাশকতা সহ সব ধরণের নির্বাচন বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনকে সজাগ দৃষ্টি রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এব্যাপারে জানতে চাইলে পটিয়া থানার অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্লাহ জানান, আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং ধানের শীষের লোকজন কর্তৃক ভাংচুকৃত দুটি মোটর সাইকেল উদ্ধার করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *