প্রকাশ: ২০১৮-১২-২৮ ১৯:০৮:৫৭ || আপডেট: ২০১৮-১২-২৮ ১৯:০৮:৫৭
বীর কন্ঠ ডেস্ক :
ভোটের আর বাকি মাত্র একদিন। দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে ব্যালটসহ নির্বাচনী সামগ্রী। তিন পার্বত্য জেলার অন্তত ৩০টি দুর্গম নির্বাচনী কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী পৌঁছে দিয়েছে বিমানবাহিনী। গত দু’দিনে বিমানবাহিনীর ৫টি হেলিকপ্টারে করে ৫শ’র বেশি নির্বাচনী কর্মকর্তাকেও পৌঁছে দেয়া হয় ভোটকেন্দ্রে।
একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৩ পার্বত্য জেলার অন্তত ৩০ টি দুর্গম নির্বাচনী কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা এবং নির্বাচনী সামগ্রী পৌঁছে দেয়ার কাজ করছে বিমানবাহিনী। বাংলাদেশ বিমান বাহিনী অস্থায়ী হেলিকপ্টার দুইদিন ধরে এই কাজ চালিয়ে যাচ্ছে।
প্রথম পর্যায়ে নগরীর জহুরুল হক ঘাঁটি থেকে তারা খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি সার্কিট হাউস থেকে নির্বাচনী কর্মকর্তা এবং সামগ্রী নিয়ে যাচ্ছেন বিভিন্ন ক্যাম্পে। নির্বাচনী কর্মকর্তাদের এখানে অবস্থান করতে হবে অন্তত ৪ দিন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ হওয়ায় এই চারদিনের অবস্থান হাসিমুখে মেনে নিচ্ছেন নির্বাচনী কর্মকর্তারা।
এদিকে বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন নির্বাচনকালীন আরও অন্তত ৫টি হেলিকপ্টার নিয়োজিত থাকবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এই ৫টি হেলিকপ্টার বিভিন্ন এলাকায় টহল দেয়ার কাজে নিয়োজিত হবে। সেই সঙ্গে নির্বাচনী কাজে ব্যবহার হবে হেলিকপ্টারগুলো।
এইভাবে একেরপর এক হেলিকপ্টার উঠছে এবং নামছে। কয়েক ঘণ্টার মধ্যে নির্বাচনী সামগ্রী পৌঁছে যাচ্ছে তিন পার্বত্য জেলায়। আর এতে পুরো দায়িত্ব পালন করছে বাংলাদেশ বিমানবাহিনী।