জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-২৯ ১৪:০২:০৩ || আপডেট: ২০১৮-১২-২৯ ১৪:০২:০৩
জাহেদুল হক,আনোয়ারা প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডের পোশাক শ্রমিকদের পরিবহনকারী দুটি বাসের সংঘর্ষে ৩ শ্রমিক নিহত ও অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন।নিহতরা হলেন, আবদুল লতিফ (৪৫), ইরফান (২৮) ও রাজিয়া সুলতানা (২৫)। এদিকে দুর্ঘটনার পর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুদ্ধ শ্রমিকরা তিনটি বাসে আগুন দেয়।
শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সুত্র জানায়,সকাল সাড়ে সাতটার দিকে কোরিয়ান ইপিজেডের কর্ণফুলী স্যু ইন্ডাষ্ট্রিজের (কেএসআই) শ্রমিকরা গাড়ি থেকে নামার সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ওপর তুলে দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান আবদুল লতিফ (৪৫) নামের একজন শ্রমিক। তার বাড়ি নরসিংদী জেলায় বলে জানা গেছে। তিনি ওই কারখানার ১৫ নং কাটিং সেকশনের চীফ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৩২ জন শ্রমিক।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে রাজিয়া সুলতানা (২৫) ও মো.ইরফান (২৮) মারা যান। বাকিদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন, উজ্জল দে (২৮), তানিয়া আক্তার (২৫), ইসপিতা চৌধুরী (২৬), জয়া (২৪), রমা (২৬), রুমকি (২৮), নাহিদা (২২), প্রিয়াংকা (২৪), নুরুজ্জামান (২৩), রহিমা (২৪), সাথী (১৯), কাউসার আকতার (৩০), সুমন কান্তি দে (৩৫), তৌহিদুল হক (৩০), নার্গিস (২৫), লাভলী (১৮), মিতালী(৩০), রাজু বড়ুয়া (৩২), আইরিন (১৯), চেমন আরা (১৮), ইয়াসমিন (১৮), শামীমা আকতার (২৮), উত্তম চ্যাটার্জি (৪৮), কাকলি(২২), রহিমা (২৩), মিনতী (৩৯), শুকলা মজুমদার (১৮), রুবি (৩০) রুবি আকতার (২৫), তানিয়া (২০), আমিন (৩৩), বিশ্বজিৎ কর (৩৭), ফারুক (৪৯) ও তৈয়বা সুলতানা (২০)।চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্য মো.আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ঘটনার পর পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গেলেও আগুন নেভাতে দেয়নি বিক্ষুদ্ধ শ্রমিকেরা। এমনটি দাবি করেছেন আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো.মজিবুর রহমান।