শফিউল আলম.ফটিকছড়ি : রাত পোহালেই বহুল প্রত্যাশিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে ২ টি পৌরসভা ফটিকছড়ি ও নাজিরহাট এবং ১৮টি ইউনিয়নে নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৮৭৫ এবং পুরুষ ভোটার ১ লাখ ৯১ হাজার ৬১০ জন। মোট ভোটার ৩ লাখ ৭৬ হাজার ৪৮৫ ভোটার ১৩৬টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের অভিবাবক নির্বাচিত করবেন।
এ ভোট উৎসব উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সর্ব্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থানে রয়েছেন। সেনা বাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ সমগ্র নির্বাচনী এলাকাজুুড়ে নিরাপত্তা বলয় সৃষ্টি করেছেন।
এ নির্বাচনে মহাজোট প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী (নৌকা), জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী কর্নেল (অব.) আজিম উল্ল্যাহ বাহার (ধানের শীষ) ও ইসলামী ফ্রন্টের প্রার্থী সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী (মোমবাতি) প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন। এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী জহুরুল ইসলাম (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আতিক উল্লাহ বাবুনগরী (হাতপাখা) ও ইসলামীক ফ্রন্টের প্রার্থী ফেরদৌস আলম সেলিম (চেয়ার) প্রতীক নিয়ে লড়ছেন। এ ভোট সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৪ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সেনা বাহিনীর ১০০ জন, বিজিবি’র ১২৫জন, ফটিকছড়ি থানায় পুলিশ ২৩৫ জন ও ভূজপুর থানায় পুলিশ ৯৯ জন এবং ১৬৩২ জন আনসার সদস্য নিয়োজিত আছেন।