চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

কক্সবাজার-১ আসনে ৪৫ বছর পর আওয়ামীলীগ প্রার্থী জাফর আলম বেসরকারীভাবে এমপি নির্বাচিত

প্রকাশ: ২০১৮-১২-৩০ ২১:২২:২৪ || আপডেট: ২০১৮-১২-৩০ ২১:২২:২৪

মিজবাউল হক, চকরিয়া:

স্বাধীনতা পরবর্তী ৪৫ বছর পর কক্সবাজার-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন  আওয়ামীলীগ প্রার্থী জাফর আলম। এরমধ্যে জাফর আলম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২লাখ ৭৪হাজার ৯৬৩ ভোট এবং ঐক্যফ্রন্ট প্রার্থী এডভোকেট হাসিনা আহমদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫হাজার ২৬০ ভোট। গতকাল রবিবার রাতে চকরিয়া উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা নুরউদ্দিন মোহাম্মদ শিবলী নোমান জাফর আলমকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেন।এদিকে গতকাল রবিবার সকাল ৮টা থেকে প্রতিটি কেন্দ্রে নারী-পুরুষের দীর্ঘ লাইন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজার-১ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই আসনের দুই উপজেলার চকরিয়া ও পেকুয়ার ১৩৯টি কেন্দ্রের মধ্যে পেকুয়ার রাজাখালী ইউনিয়নের মাতব্বর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে সাড়ে এগারটার দিকে আওয়ামীলীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষে একজন ছাত্রলীগ কর্মী নিহত ও আরো কয়েকজন আহত হয়েছে। মাত্র একটি কেন্দ্র ছাড়া বাকীসব কেন্দ্রগুলোতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীসহ আইন-শৃক্সক্ষলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলে দুই উপজেলায়।  পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতব্বরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছিল। কিন্তু সকাল সাড়ে এগারটার দিকে আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা কেন্দ্রের বাইরে অবস্থান নেয়। এ সময় উভয়পক্ষে সংঘর্ষ বাঁধলে বিএনপির লোকজনের সশস্ত্র হামলা ও গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারায় রাজাখালী ইউনিয়ন ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ আল ফারুক (২২)। সে ইউনিয়নের উলুদিয়া পাড়ার নুরুল আবচারের পুত্র। এ সময় আহত হন আওয়ামীলীগ কর্মী একই এলাকার আবু তালেব (৩২), রবি আলম (২৪), মাতব্বর পাড়ার রুহুল কাদের (৩০)। আহতদের মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পেকুয়ার ৪০টি কেন্দ্রের মধ্যে একটি ছাড়া বাকী কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, ‘চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভার ৯৯টি ভোটকেন্দ্রে সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠানের উৎসব চলে।’

গতকাল রাত দশটার দিকে কক্সবাজার-১ আসনের আওয়ামীলীগ তথা মহাজোট প্রার্থী জাফর আলম নৌকা প্রতীক নিয়ে ১৩৯টি কেন্দ্রে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি তথা ঐক্যফ্রন্টের প্রার্থী হাসিনা আহমেদ। ১৩৯টি ভোট কেন্দ্রের মধ্যে ১২৮টি কেন্দ্রে নৌকা পেয়েছেন ২লাখ ৭৪হাজার ৯৬৩ ভোট এবং ১১টি ভোট কেন্দ্রে ঐক্যফ্রন্ট প্রার্থী এডভোকেট হাসিনা আহমদ ধানের শীষ প্রতীক পান ৫৫হাজার ২৬০ ভোট। আওয়ামীলীগ প্রার্থী জাফর আলম ২লাখ ১৯ হাজার ৭০৩ ভোট ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন।   

১৯৭৩ সাল পরবর্তী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নৌকা প্রতীকে এমপি পদে বিজয়ী হওয়া আওয়ামীলীগের প্রার্থী জাফর আলম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা সারাজীবনের রাজনীতি ছিল গণমানুষের জন্য। এজন্য চকরিয়া ও পেকুয়ার মানুষ আমাকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস ছিল। আজ আমার এই বিজয় চকরিয়া-পেকুয়াবাসীকে উৎসর্গ করলাম।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *