এম মাঈন উদ্দিন
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-০১ ১৭:০৪:১২ || আপডেট: ২০১৯-০১-০১ ১৭:০৪:১২
এম মাঈন উদ্দিন, মিরসরাই :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিপুল ভোটের ব্যবধানে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। নির্বাচিত হওয়ার পর উপজেলার ১ নং করেরহাট ইউনিয়ন থেকে ১৬ নং শাহেরখালী ইউনিয়নের দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনসাধারণের সাথে কুশল বিনিময় করেছেন তিনি। তাকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, এই মিরসরাই আর গ্রাম থাকবে না। অর্থনৈতিক জোন ও সমুদ্র-পাহাড়, ঝর্ণা নিয়ে উন্নত ও আধুনিক পর্যটন শহরে রূপান্তরিত হবে মিরসরাই। তিনি আরো বলেন, বিশেষ করে বঙ্গবন্ধু অর্থনৈতিক জোনে যে সব শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে তাতে মিরসরাই উপজেলা শুধু বাংলাদেশ নয় বিশ্ববাসীর কাছে একটি পরিচিত নাম হয়ে উঠবে। এবার ৭ম বারের মতো নির্বাচিত হবার পর তাঁর আগামীদিনে স্বপ্ন কি হবে জানতে চাইলে তিনি বলেন, আমার আগামীর প্রথম স্বপ্ন যতোটা সম্ভব অথনৈতিক জোন এলাকার শিল্প-উৎপাদনসহ মিরসরাইকে দ্বিতীয় কক্সবাজার হিসেবে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা। বিশেষ করে এই এলাকায় পাহাড়ি অঞ্চলে আল্লাহ প্রদত্ত অনেক দর্শণীয় ঝর্ণা রয়েছে। রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তর মহামায়া লেক। এসব দেখতে এখনো অগণিত মানুষ ছুটে আসছে। তাই দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে এখানকার পাহাড়ি এলাকায় প্রাকৃতিক ঝর্ণাগুলো, মহামায়া লেক আর সমুদ্রকে নিয়ে বিশ্বমানের আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলবো। এতে বিশ্বের আধুনিক পর্যটন নগরী হবে এই এলাকা।
৩০ হাজার একর বঙ্গবন্ধু অর্থনৈতিক জোনে কর্মসংস্থান হবে ৩০ লক্ষ লোকের। আর এই বিশাল শিল্প এলাকার জন্য এখানকার কোন লোক তো বেকার থাকবেই না। আবার এই এলাকায় কাজ করতে আসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। আর তখন এলাকার কোন মানুষকে আর বিদেশ যেতে হবে না। কাজের খোঁজ করতে হবে না। কাজই তাকে খুঁজবে। তিনি হাস্যরস করে বলেন, এমনকি কোন মহিলাও বেকার থাকবে না।
অথনৈতিক জোনের শিল্প প্রতিষ্ঠানে দেশি বিদেশি লক্ষ লক্ষ মানুষের কর্মব্যস্ততার পর অবসরে একই এলাকার পাহাড়ি ঝর্ণা আর লেকের প্রাকৃতিক সৌন্দর্য্যে নিজেদের ক্লান্তি দূর করবেন। তিনি তাঁর স্বপ্ন বাস্তবায়নের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। এই বিজয়ের জন্য মিরসরাইবাসীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে, মিসরাইয়ের সংসদ নির্বাচনের ইতিহাসে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবার ৭ম বারের মতো বিজয়ী হলেন। ১৯৭০ সালে প্রাদেশিক নির্বাচনে নির্বাচিত সাংসদ, এরপর যথাক্রমে ১৯৭৩ সালের ৭ মার্চ (১ম সংসদ নির্বাচন), ১৯৮৭ সালের ৭ মে (৩য় সংসদ নির্বাচন), ১৯৯৬ সালের ১২ জুন (৭ম সংসদ নির্বাচন), ২০০৮ সালের ২৯ ডিসেম্বর (৯ম সংসদ নির্বাচন), ২০১৪ সালের ৫ জানুয়ারি ( ১০ম সংসদ নির্বাচন)। সর্বশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের এবারের নির্বাচনে।