আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-০২ ০০:২৭:০৪ || আপডেট: ২০১৯-০১-০২ ০০:২৭:০৪
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান বলেছেন, একজন নারী হিসেবে একটানা ২০ বছর প্রধানমন্ত্রী থাকার বিরল ইতিহাস সৃষ্টি করেছেন জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিগত তিন মেয়াদে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত করার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জন করেছেন। যে কারণে দেশের মানুষ তাকে আবারো বিপুল ভোটে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করে চতুর্থ বারের মত রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন। বর্তমানে ভারত, রাশিয়া, চীন, নেপাল, শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা তাকে অভিনন্দনের মাধ্যমে তার সামনের পথ চলাকে স্বাগত জানিয়েছেন। শেখ হাসিনা যা বলেন, তাই করেন।
তিনি বলেছেন, এবার সরকার গঠন করলে ব্যাংক লুটকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন। আমি জানি, তিনি তার এ সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে এক চুল পরিমাণ পিছপা হবেন না। তাই বাংলাদেশকে ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আর এজন্যেই মাননীয় প্রধানমন্ত্রী সর্বাগ্রে শিক্ষার প্রতি বিশেষ নজর দিয়েছেন। বর্তমানে সারা বাংলাদেশে বিনামূল্যে প্রায় ৫৫ কোটি বই বিতরণ করা হচ্ছে। এক সময় ছিল যখন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ছিল কাচা। কিন্তু পাঠদান ছিল পাকা। আর এখন ভবন সব পাকা কিন্তু পাঠদান হচ্ছে খুবই কাচা। তাই আমাদের শিক্ষার্থীদেরকে সুশিক্ষিত করার জন্য নিয়োজিত শিক্ষকদেরকে ক্লাসে পাঠদানের আগে নিজেদেরকে পড়তে হবে। না হলে তারা শিক্ষার্থীদেরকে কি পড়াবেন। যদি তারা অনুশীলন করে না পড়ান তাহলে জাতি ধ্বংশ হয়ে যাবে।
তিনি গতকাল পটিয়ার জিরি ইউনিয়নের পূর্ব জিরি আমানিয়া লোকমান হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি লোকমান হাকিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক সুলতান মিয়া, সহকারী পরিচালক রাশেদা বেগম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন সুলতানা, পটিয়া সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমদ সানি, এডিপিও জহির উদ্দিন চৌধুরী, তাপস কুমার পাল, ঋষিকেশ শীল, মামুনুল কবির, পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ, আমিনুল ইসলাম টিপু, আবুল মনসুর চৌধুরী, এম.এ হাকিম, নুরুল ইসলাম, তপন কুমার নাথ, জুলেখা বেগম, মো. সেলিম ও প্রধান শিক্ষক মো. মহিম উদ্দিন প্রমুখ। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়।