মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-০২ ২০:৫১:৫৬ || আপডেট: ২০১৯-০১-০২ ২০:৫১:৫৬
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ ২ জানুয়ারী ২০১৯ ইং কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা ছলের দোকান নামক স্থানে গত ২৫ ডিসেম্বর নৌকা প্রতীকের পথসভার অদূরে মৃত্যুবরন করা তাজউদ্দীন রাসেলকে হত্যার অভিযোগ এনে কক্সবাজার-৩ (সদর রামু) আসন থেকে পূণঃনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বাদী হয়ে রামু থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
এ মামলায় কচ্ছপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মোক্তার আহামদকে প্রধান আসামী করে এজাহারভুক্ত ১৭ জন অজ্ঞাতনামা ১৫ জনসহ মোট ৩২ জনকে আসামী করে মামলাটি দায়ের করা হয়। যার নং ৪২ এবং জি.আর মামলা নং ৪৩৩/২০১৮ (রামু)। মামলার ধারা হচ্ছে-১৪৩/৩৫২/৩৬৪/৩০২/১১৪/৩৪ পেনালকোড, তৎসহ ১৯০৮ সালের বিষ্পোরক দ্রব্য আইনের ৫ ধারা। মামলার বিবরনে উল্লেখ করা হয়েছে-গত ২৫ ডিসেম্বর রাত ৮’১০ মিনিটের সময় নৌকা প্রতীকের পথসভায় গুলি ও ককটেল মেরে আসামীরা ত্রাস সৃষ্টি করে। একপর্যায়ে নিহত তাজউদ্দীন রাসেলকে আসামীরা অস্ত্রের মুখে শাহসুজা রোডের বদুপাড়া রাস্তার মাথায় নিয়ে যায়। তাজউদ্দীন রাসেলকে সেখানে জোর করে নিয়ে ঘাড় মচকাইয়া ঘাড়ের রগ ছিড়িয়া ফেলে এবং তাকে শ্বাসরুদ্ধ করে কিল ঘুষি মেরে হত্যা করে। মামলার বাদী সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি সহ সাক্ষীরা তাঁর গাড়ির লাইটের আলোতে ঘটনা সচক্ষে দেখেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারভুক্ত অন্যান্য আসামীরা হলেনন কলিমউল্লাহ, মহিউদ্দিন, সালাহউদ্দিন, আবু ইছা, মাহবুবুল আলম, নাছের উল্লাহ, নজরুল ইসলাম, জামশেদ আলম, রাসেল, আসাদুজ্জামান রিপন, সাইফুল ইসলাম, হেলাল উদ্দিন, নুরুল আজিম, নুরুল আলম, মোহাম্মদ আবদুল্লাহ্ ও নুরুল আজিম। এস.আই সোহেল রানাকে মামলাটির তদন্ত কর্মকর্তা (আইও) নিয়োগ দেয়া হয়েছে। উল্লেখ্য রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়ার মরহুম মন্ঞ্জুর আলমের পুত্র তাজউদ্দিন রাসেল(৩২) কে মামলার এজাহারে সাবেক ছাত্রলীগ নেতা ও সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বলে উল্লেখ করা হয়েছে। তাজউদ্দিন রাসেল গত ২৩ ডিসেম্বর দুবাই থেকে দেশে ফিরেন। তাজউদ্দিনের পরিবারে দুই ভাই, দুই বোন, এক স্ত্রী ও এক বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে।