নীরব জসীম
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০১-০৩ ১৯:৫০:২৭ || আপডেট: ২০১৯-০১-০৩ ১৯:৫০:২৭
সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে মহাজোট সরকারের বিনামূল্যে বই বিতরণ উৎসব উদ্যাপন করেছে নগরীর কাজেম আলী স্কুল এন্ড কলেজ। প্রায় দু’হাজার শিক্ষার্থীর মাঝে সকাল দশটা থেকে বই বিতরণ শুরু হয়। প্রতিষ্ঠানের মাঠে বিশাল প্যান্ডেল বানিয়ে স্কুল কর্তৃপক্ষ এই বই উৎসবের আয়োজন করে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক সরকারের এই উদ্যোগের ভূয়শী প্রশংসা করে গতকাল মঙ্গলবার ইংরেজী নববর্ষের প্রথম দিন বই উৎসব উদ্বোধন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন। শিক্ষিকা মুনমুন জাহান এবং ক্রীড়া শিক্ষক আবদুল হান্নানের সহযোগিতায় এই বই উৎসবে স্কুল ও কলেজ শাখার সকল শিক্ষক ও প্রভাষক উপস্থিত ছিলেন।
উদ্বোধক সৈয়দ উমর ফারুক বলেন, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। বছরের প্রথম দিন বিনামূল্যে বই বিতরণের মাধ্যমে প্রজন্মের ভেতর যেমন শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে তেমনি অভিভাবকদের উপর আর্থিক চাপ কমে আসছে। তাই জাতি দ্রুত সুশিক্ষিত হয়ে ওঠছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ তৈরী করতে হবে। এই কর্মসূচীর মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হবে।