চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কাইছার হামিদ

সরকারে থাকবে না জাপা, এরশাদ বিরোধী দলীয় নেতা

প্রকাশ: ২০১৯-০১-০৪ ১৭:১৩:১৬ || আপডেট: ২০১৯-০১-০৪ ১৭:১৩:১৬

 

কাইছার হামিদ:

একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি (জাপা)। শুক্রবার পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে একই সাথে বিরোধী দল ও মন্ত্রিসভায় ছিল জাতীয় পার্টির সংসদ সদস্যরা। এদিকে গত সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে রওশন এরশাদ দায়িত্ব পালন করলেও এবার পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে এরশাদ বলেছেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক এবং দেশবাসীর উদ্দেশে আমি এই মর্মে জানাচ্ছি যে, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারী দলের সভাপতি হিসেবে আমি প্রধান বিরোধী দলের নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপ-নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভূক্ত হবেন না’।

সংসদের স্পিকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান তিনি। এর আগে বৃহস্পতিবার সংসদে সংসদীয় দলের বৈঠক শেষে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অধিকতর উন্নয়নে ভূমিকা রাখতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সরকারে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টির (জাপা) সংসদীয় দল।’

তিনি বলেন, ‘আমাদের সব সংসদ সদস্য সরকার গঠনে মহাজোটের সাথে যোগ দিতে চেয়েছিলেন, এবং আমরা সেইভাবেই আমাদের নির্বাচনী প্রচারণা চালিয়েছিলাম। জিএম কাদের বলেন, ‘বিএনপির নির্বাচনের ফলাফল এত খারাপ হবে বলে আমরা মনে করিনি। এখন আমরা সবাই মহাজোটের সরকারে থাকার সিদ্ধান্ত নিয়েছি মহাজোটের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশ গড়া এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে অবদান রাখতে চাই।’

এ বিষয়ে আলোচনা করতে জাতীয় পার্টির প্রতিনিধিদল দ্রুতই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করবেন বলে জানান তিনি। তারা সরকারে যোগ দিলে বিরোধী দল কারা হবে, এমন প্রশ্নের জবাবে কো-চেয়ারম্যান বলেন, এটা তাদের উদ্বেগের বিষয় নয়। ‘জনগণ যেভাবে ভোট দিয়েছে তাতে কোনো দলকে বিরোধী দল বানানোর মতো পরিস্থিতি নেই।’

তিনি জানান, মহাজোটের বিজয় নিশ্চিত করতে এবং একসাথে সরকার গঠনে তাদের নেতা-কর্মীরা আওয়ামী লীগের সাথে একতাবদ্ধভাবে কাজ করেছেন। ‘সুতরাং আমরা যদি বিরোধী দলের ভূমিকা পালন করি তাহলে জনগণ তা মেনে নেবে না। এটি একটি বাস্তব সমস্যা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *