কাইছার হামিদ
প্রকাশ: ২০১৯-০১-০৬ ২১:২৫:০০ || আপডেট: ২০১৯-০১-০৬ ২১:২৫:০০
আগামীকাল ৭ জানুয়ারি সোমবার নতুন মন্ত্রিসভার ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী শপথ নিতে যাচ্ছেন। শপথ নেওয়ার জন্য ইতোমধ্যে তারা টেলিফোনে ডাক পেয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম আজ বিকাল সাড়ে চারটার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদের এ তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
এদিকে আগামীকাল শপথ নিতে যাওয়া মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রায় ৭০টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। এদিকে পরিবহন পুলে গাড়িগুলোর শেষ মুহূর্তের ধোয়ামোছার কাজ আজ শেষ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ।
এ ব্যাপারে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের যথেষ্ট গাড়ি প্রস্তুত রাখা আছে। চালকও প্রস্তুত। মন্ত্রীদের ঠিকানা পেলেই আমরা গাড়ি পৌঁছে দিতে পারবো। আমি গত পরশু ভিজিটও করেছি। গাড়ি যা লাগবে সবই দেওয়া যাবে। সংখ্যাটা বলছি না।’
এদিকে পরিবহন পুলে গিয়ে দেখা গেছে, টয়োটা হাইব্রিড গাড়ি সারি সারি প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রিসভার সদস্যদের বঙ্গভবনে যাওয়ার জন্য এসব গাড়ি বরাদ্দ থাকবে, সেগুলোতে জাতীয় পতাকার স্ট্যান্ডও যুক্ত করা হয়েছে।