প্রকাশ: ২০১৯-০১-০৬ ১৪:০৪:১৯ || আপডেট: ২০১৯-০১-০৬ ১৪:০৪:১৯
বীর কন্ঠ ডেস্ক :
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ রোববার সকাল সাড়ে দশটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শুরু হয়। জানাজা শেষে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
জানাজায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি,১৪ দলের নেতারাসহ বিপুল পরিমাণ মানুষ উপস্থিত ছিলেন।
জানাজা শেষ হওয়ার পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, আওয়ামী লীগ, ১৪ দল, জাতীয় পার্টি, জাতীয় সংসদ, জনপ্রশাসন মন্ত্রনালয় এবং বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। জানাজার আগে সৈয়দ আশরাফের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ। পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ডা. মনজুরুল ইসলাম সৈয়দ আশরাফের জন্য সবার কাছে দোয়া চান। পরে দোয়া ও মোনাজাত করা হয়। জানাজা শেষে তাকে কিশোরগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে ময়মনসিংহে তৃতীয় জানাজা হবে। এরপর ঢাকায় বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।