আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০১-০৮ ০০:২৪:৫২ || আপডেট: ২০১৯-০১-০৮ ০০:২৪:৫২
বীর কন্ঠ ডেস্ক :
সন্দ্বীপে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় মো. ইউসুফ ওরফে কালা মনির (৩২) নামে এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন।
সোমবার (৭ জানুয়ারি) বিকেল ৫টায় দ্বীপের রহমতপুর বেড়িবাঁধে এ ঘটনা ঘটে। নিহত কালা মনির রহমতপুর ইউনিয়নের মৃত মো. হোসেন প্রকাশ লেইংগা হোসেনের ছেলে।
ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। এসময় লাশের পাশে পড়ে থাকা একটি এলজি, একটি একনলা বন্দুক ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান পিপিএম জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত কয়েকদিন ধরে কালা মনিরের সঙ্গে অনুগত সন্ত্রাসী কট্টা তাহেরের বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে উভয় গ্রুপের সংঘর্ষে মনির নিহত হয়েছে। কালা মনিরের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় ২টি খুন, ৪টি অস্ত্র, ১টি পুলিশের ওপর হামলা সংক্রান্ত, ২টি মাদক এবং ১টি চাঁদাবাজি মামলা রয়েছে।