শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১০ ০০:১৮:০৮ || আপডেট: ২০১৯-০১-১০ ০০:১৮:০৮
শংকর চৌধুরী,খাগড়াছড়ি: পার্বত্য জেলা খাগড়াছড়ির পাহাড়ি জনপদ পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজির হোসেন গুরুতর আহত হয়েছে। পানছড়ি উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল খাগড়াছড়ি ও পানছড়ি। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,পানছড়ি বাজারের একটি চায়ের দোকানের সামনে অন্যদের সাথে কথা বলার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। এদিকে এ ঘটনার পর পরই বিক্ষুদ্ধ লোকজন পানছড়ি সদরে বেশ কয়েকটি পাহাড়ি পরিবারের বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার জন্য প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফকে) দায়ী করে আহত যুবলীগ নেতা মোঃ নাজির হোসেন’র বড় ভাই ও পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাহার মিয়া বলেন, ইউপিডিএফ দীর্ঘদিন ধরে আমাদের প্রাণে মারা ও হামলার হুমকি দিয়ে আসছে। ঘটনার তাদের সাথে বেশ কয়েকজন বাঙ্গালিও জড়িত থাকতে পারে বলে জানান তিনি। তবে, এ অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমা বলেন, এ ঘটনার সাথে ইউপিডিএফ কোন ভাবে জরিত নয়। এটি সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটে থাকতে পারে।
খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা ও সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। পানছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল আলম জানান, চেয়ারম্যান মোঃ নাজির হোসেন সন্ধ্যায় পানছড়ি বাজারে হাদিসের চা দোকানে চা খেতে যান। এ সময় তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে, পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজির হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল আর সমাবেশে উত্তাল হয়ে উঠেছে খাগড়াছড়ি জেলা সদরসগ পুরো পানছড়ি উপজেলা।
বুধবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কদমতলীস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে জেলা যুবলীগের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মুক্ত মঞ্চে এসে প্রতিবাদ সমাবেশ করে। চিহিৃত দেশদ্রোহী ইউপিডিএফের সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে আটকসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আওয়ামীলীগ ঘরে বসে থাকবে না হুশিয়ারী দিয়ে প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, নির্বাচন পরবর্তী সময়ে ইউপিডিএফ বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের বিভিন্ন সম্প্রদায়ের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়। তাই নাজির মাহমুদকে হত্যার চেষ্টাকারীদের অভিলম্বে গ্রেপ্তারের দাবী জানান নেতৃবৃন্দরা। খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং পাজেপ সদস্য মংসুইপ্র“ চৌধুরী অপু, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রইস উদ্দিন প্রমূখ।
এসময় জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাংবাদিক নুরুল আযম, সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য যুবনেতা পার্থ ত্রিপুরা জুয়েল প্রমূখ উপস্থিত ছিলেন। অপরদিকে,সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে বুধবার (৯ জানুয়ারি) সকাল থেকে পানছড়ি বাজারে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এবং পানছড়ি সিএনজি সমিতির উদ্দ্যোগে মৌন প্রতিবাদ ও মানববন্ধন পালিত হয়েছে। উল্লেখ, মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়,পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজির হোসেন। সে,বর্তমানে চট্টগ্রামে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।