আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১১ ০০:১৬:১৪ || আপডেট: ২০১৯-০১-১১ ০০:১৬:১৪
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন পটিয়া বনরেঞ্জ গতকাল চন্দনাইশ বাদামতল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক সহ দুই লক্ষ টাকার জ্বালানী কাঠ চট্টগ্রাম শহরে পাচারের সময় আটক করেছে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশক্রমে পটিয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে এফজি আমির খসরু, এফজি শাহজাহান, এফজি নুরুল আলম, পিএম দেলোয়ার হোসেন, হেডম্যান মহি উদ্দিন, মাহবুল আলম সহ বন কর্মকর্তা কর্মচারীরা চন্দনাইশের বাদামতল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযানের বিষয়টি টের পেয়ে ট্রাক চালক কাঠভর্তি ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
পরে বন বিভাগ ট্রাকসহ কাঠগুলো জব্দ করে পটিয়া রেঞ্জ অফিসে নিয়ে আসেন বলে রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান। তিনি জানান বনের কাঠ বেআইনী ভাবে কাটা এবং পাচারের বিরুদ্ধে বন বিভাগ জিরো টলারেন্সে আছে। আমাদেরকে উধ্বর্তন কর্মকর্তাদের কঠোর নির্দেশনা মোতাবেক আমরা কাঠ কাটা ও পাচারের বিরুদ্ধে সব সময় তৎপর রয়েছি। গত এক বছরে এ ধরনের অবৈধ কাঠ পাচার রোধে কঠোর অবস্থানে থাকায় পটিয়া বনরেঞ্জে কেউ তেমন কাট কাটা ও পাচার কাজ করে বনের ব্যাপক কোন ক্ষতি সাধন করতে দেইনি। যার ফলে সরকার প্রায় অর্ধ কোটি টাকার রাজস্ব পেয়েছে। তিনি আরো বলেন, আমাদের এ অভিযান অব্যাহত আছে এবং থাকবে।