শফকত হোসাইন চাটগামী
বাঁশখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১২ ২৩:৩৪:৪৮ || আপডেট: ২০১৯-০১-১২ ২৩:৩৪:৪৮
বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালীর কালীপুর ইউনিয়নের কোকদন্ডী গ্রামে ভাড়াটিয়াকে জোর পুর্বক বের করে দেয়ার পাশাপাশি জায়গার মালিক হাসান কামালকে আটকে রেখে ঘেরা দিয়ে জায়গা দখল করে নিয়েছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার গভীর রাতে রামদাশমুন্সির হাটের গরু বাজার সংলগ্ন কোকদন্ডী এলাকায় পিলার ও টিনশেড বেড়া দিয়ে তৈরী ১৬ বছর পুর্বে খরিদ করা জায়গাটি জবর দখলের পর এই ঘটনায় থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করলেও জায়গা জবর দখল মুক্ত হয়নি। এনিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের কোকদন্ডী গ্রামে একই ইউনিয়নের পশ্চিম গুনাগরী এলাকার মৃত আসহাব মিয়ার ছেলে হাছান কামাল ২০০৩ সালে ওই এলাকার রঞ্জিত কুমার দাশ গংদের কাছ থেকে ১৩ শতক জায়গা খরিদ করে সেখানে পিলার ও টিনশেড বেড়া দিয়ে ঘর তৈরী করে ভাড়া দিয়ে আসছিলেন। এদিকে গত বৃহস্পতিবার হঠাৎ করেই মৃত ঠান্ডা মিয়ার ছেলে জাকের আহমদ ও তার ছেলে জসিম উদ্দিন বহিরাগত সন্ত্রাসী নিয়ে ভাড়াটিয়া মিজানুর রহমানকে জোর পুর্বক বের করে দিয়ে জায়গাটি জবর দখল করে নেয়।
এসময় জায়গার মালিক হাসান কামাল প্রতিবাদ করলে তাকে একটি কক্ষে আটকে রেখে লাঞ্ছিত করে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা ঘরের বেড়া খুলে ফেলে এবং বসতঘর ও উঠানসহ প্রায় ৬ শতক জায়গা জবর দখল করে নেয়। খবর পেয়ে স্থানীয় ইউপি মেম্বার আনোয়ার ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গভীর রাতে হাসান কামালকে উদ্ধার করে। বাঁশখালীর রামদাশ মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএসআই মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।