জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১৪ ১৯:৫১:৪৭ || আপডেট: ২০১৯-০১-১৪ ২০:১৭:৩১
আনোয়ারা প্রতিনিধি: চাকরি স্থায়ীকরণ ও স্থানীয় কোটার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও ডাই এ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সারকারখানার শ্রমিকেরা। গতকাল সোমবার বেলা ১১টায় কারখানা দুটির দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকেরা যৌথভাবে এ কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিল শেষে তাঁরা প্রশাসনিক ভবন ঘেরাও করে সমাবেশে মিলিত হন।
সমাবেশে বক্তব্য রাখেন সিইউএফএল ক্যাজুয়াল শ্রমিক ইউনিটের সভাপতি নুরুল আলম, ডিএপিএফসিএল ক্যাজুয়াল শ্রমিক ইউনিয়নের সভাপতি নাছির খান, রহমত উল¬াহ, সালাউদ্দিন, মো. জাবের ও মো. ইসমাঈল। বক্তারা অবিলম্বে শ্র্রমিকদের স্থায়ী নিয়োগ ও স্থানীয় কোটা নির্ধারণের দাবি জানান। দাবি পুরণ না হলে লাগাতার আন্দোলনেরও ঘোষণা দেন বক্তারা।
সিইউএফএলে কর্মরত শ্রমিক আবদুর রহিম জানান, ৩২ বছর ধরে কারখানায় চাকরি করছি। বার বার চেষ্টাকরেও চাকরি স্থায়ীকরণ হয়নি। আন্দোলনরত শ্রমিকেরা জানান, তাদের মাসিক হাজিরাও নেই। ওভার টাইমও নেই। পুরো মাসে মাত্র ৫-৬ দিন ওভার টাইম দেয়া হয়। উৎসব বোনাসও নেই।
ডিএপিএফসিএল ক্যাজুয়াল শ্রমিক ইউনিয়নের সভাপতি নাছির খান বলেন, বিভিন্ন সময়ে কারখানা দুটিতে শ্রমিক নিয়োগ দেয়া হলেও স্থানীয় কোটা নির্ধারণ করা হচ্ছে না। স্থানীয়রা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যান্য এলাকা থেকে লোক এসে চাকরি করছেন। স্থানীয়রা বিভিন্ন সময় আন্দোলন করলেও কার্যত কোন ফল আসেনি। এ কারণে কারখানা দুটির শ্রমিকদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। দাবি নিয়ে গত এক সপ্তাহ ধরে কারখানা দুটির শ্রমিকেরা যৌথভাবে নানা কর্মসূচি পালন করছেন। এ ব্যাপারে সিইউএফএল এর ব্যবস্থাপনা পরিচালক বিদ্যুৎ কুমার সাহা শ্রমিকদের সঙ্গে বৈঠক হচ্ছে জানিয়ে ফোন কেটে দেন।
উলে¬খ্য, সিইউএফএলে ১৭৬জন ও ডিএপি সারকারখানায় ১৮১ জন দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক চাকরি করছেন। তাঁদের চাকরি দীর্ঘদিনেও স্থায়ী হয়নি।