চট্টগ্রাম, , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় সনাক টিআইবি’র উদ্যাগে : বান্দরবান সরকারি কলেজে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন

প্রকাশ: ২০১৯-০১-১৮ ০০:৩৮:০৬ || আপডেট: ২০১৯-০১-১৮ ০০:৩৮:০৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক), পটিয়ার সহায়তায় ১৬ জানুয়ারি বেলা সাড়ে এগারটায় বান্দরবান সরকারি কলেজে ‘দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক’ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: নুরুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ওরিয়েন্টেশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মকসুদুল আমিন। ওরিয়েন্টেশন পরিচালনা করেন টিআইবি পটিয়ার এরিয়া ম্যানেজার মো: জসিম উদ্দিন। ওরিয়েন্টেশনে দেশপ্রেম, টিআই, টিআইবি, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তা, দুর্নীতির ধারণা সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান, দুর্নীতিবিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। ওরিয়েন্টেশন শেষে উপস্থাপনার উপর ভিত্তি করে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রায় দেড়শ’জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কুইজ শেষে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইয়েস ফ্রেন্ডস বান্দরবানের উপদেষ্টা ও কলেজের বাংলা বিভাগের প্রভাষক মেহেদী হাসান, পটিয়া ইয়েস দলের দলনেতা রবিউল হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন কলেজের অর্থনীতি বিভাগের সহযোগি অধ্যাপক বিজয় ভৌমিক, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক বিপম চাকমা, প্রভাষক ওমর ফারুক ও সুজন কান্তি বড়ুয়া, ইয়েস ফ্রেন্ডস বান্দরবানের সহ-সমন্বয়ক শারমিন সুলতানা ও মো: সাইফুল্লাহ এবং ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ প্রফেসর মো: মকসুদুল আমিন বলেন, বাংলাদেশ ২০০১ থেকে ২০০৫ সালে বিশ্বে শীর্ষস্থানীয় দুর্নীতিগ্রস্থ দেশ ছিলো, এখন সতের নম্বরে অবস্থান করছে। আমরা সচেতন হলে দুর্নীতি এদেশ থেকে নির্মূল হবে। আমাদের সকলকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন হতে হবে। তাহলে আমরা দুর্নীতির ধারণাসূচকে ভালো অবস্থানে আসতে পারবো। তিনি আরো বলেন, আমাদেরকে ভালো কাজগুলোই করতে হবে, যাবতীয় খারাপ থেকে দূরে থাকতে হবে। সকল ক্ষেত্রে সৎ থাকতে হবে। নিয়মিতভাবে বই পড়ার অভ্যাস করতে হবে। তিনি বলেন, সরকার প্রধান দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাই আমাদের প্রত্যেককে দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে। সভাপতির বক্তব্যে উপাধ্যক্ষ প্রফেসর মো: নুরুল মোমেন বলেন, দুর্নীতিতে একসময় আমরা বিশ্ব চ্যাম্পিয়ন ছিলাম, সেটা ছিলো আমাদের জন্য অত্যন্ত লজ্জ্বাজনক। এটা আমরা চাইনা, আমরা চাই বাংলাদেশ থেকে দুর্নীতি চিরতরে নিমূল হোক। অনুষ্ঠানে শিক্ষার্থীরা দুর্নীতিকে ‘না’ বলার শপথ গ্রহণ করেন। উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান অধ্যক্ষ প্রফেসর মো: মকসুদুল আমিন।

অনুষ্ঠান শেষে কুইজে বিজয়ী ১৫জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নারগিছ আক্তার বলেন, দুর্নীতি আমাদের দেশের অগ্রগতিতে সবচেয়ে বড় বাধা তা আজকের অনুষ্ঠানে এসে বুঝতে পারলাম। তাই প্রত্যেককে যার যার জায়গা থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অপর শিক্ষার্থী সাজিদুর রহমান বলেন, আজকের ওরিয়েন্টেশনে দুর্নীতি সম্পর্কে জানতে পারলাম। দেশকে উন্নতির শিখরে নিতে হলে এই দুর্নীতিকে চিরতরে নির্মূল করতে হবে। ইতিহাস বিভাগের শিক্ষার্থী বৃষ্টি বড়ুয়া বলেন, দুর্নীতি বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা সেটা আজকের কর্মসূচী থেকে জানতে পারলাম। একাত্তরের মতো আরেকটি যুদ্ধ করতে হবে এদেশ থেকে দুর্নীতি চিরতরে নির্মূল করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *