চট্টগ্রাম, , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

সনাক-টিআইবি’র আয়োজনে : পটিয়ার হাবিলাসদ্বীপ ইউপিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-০১-১৮ ০০:৩১:১৯ || আপডেট: ২০১৯-০১-১৮ ০০:৩১:১৯

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : ‘চাই স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ইউনিয়ন পরিষদ’ এই স্লোগানে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে পটিয়া উপজেলার ৫ নং হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সাথে এক মতবিনিময় সভা ১৭ জানুয়ারি বেলা এগারটায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) পটিয়া এ কর্মসূচির আয়োজন করে।

হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সচিব আবদুল মালেক এর সভাপতিত্বে ও টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি নিত্যময় চৌধুরী, সনাকের স্থানীয় সরকার উপ-কমিটির আহবায়ক শীলা দাশ, ইউপি সদস্য যথাক্রমে নিপুর কান্তি নন্দী, শ্রীধর মজুমদার, মোঃ ইদ্রিস মিয়া, উজ্জ্বল বড়ুয়া, রুমা আক্তার, বেবী দেব (নন্দী), মোঃ আবুল হাসেম (রাব্বু), নুরুল ইসলাম এবং ইউপি’র কর্মচারীবৃন্দ। এছাড়াও সনাকের ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় গত সভার সিদ্ধান্তগুলো পর্যালোচনা করে বলা হয়, ৭ নং ওয়ার্ডে তিনটা কালভার্ট নির্মাণ করা হয়েছে, ৮ নং ও ৬ নং ওয়ার্ডে ডিপ টিউবওয়েল বসানোর উদ্যোগ নেয়া হয়েছে, বিভিন্ন ওয়ার্ডে ২২টা সোলার বাতি লাগানো হয়েছে, নতুন চক্রের জন্য ভিজিডির প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে এবং বাজেটে নারীদের জন্য আলাদা বরাদ্দ রাখা হয়েছে। সভায় ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরো স্বচ্ছ ও জবাবদিহিমূলক এবং জনবান্ধব করার জন্য কতিপয় সিদ্ধান্ত গৃহিত হয়।

উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো, আগামী অর্থবছরে প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে মোট তিনটি ওয়ার্ড সভা করা হবে, নতুন চক্রের ভিজিডির উপকারভোগীর তালিকা নোটিশ বোর্ডে প্রদর্শন করা হবে, জনসম্মুখে বাজেট উপস্থাপন করা হবে, ইউপি’র নোটিশ বোর্ড সংস্কার ও হালনাগাদ তথ্য প্রদর্শন, স্থায়ী কমিটির সদস্যদের জন্য প্রশিক্ষণের আয়োজন ইত্যাদি। সভায় উপস্থিত সদস্যরা বলেন, আমরা হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করছি, আমাদের কাজের মধ্যে ভুলক্রটি থাকতে পারে, তবে আমরা চেষ্টা করি জনগণের কল্যাণে কাজ করতে। আমাদের কাজে স্বচ্ছতা আনয়নের জন্য সনাক-টিআইবি যে পরামর্শ দেবে তা সঠিকভাবে বাস্তাবায়ন করবো। তারা আরো বলেন, মানুষের চাহিদা অনেক, কিন্তু সে অনুযায়ি বরাদ্দ পাওয়া যায়না। তাই সকলকে খুশি করা সম্ভব হয়না। সনাক সহ-সভাপতি নিত্যময় চৌধুরী বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে সনাক কাজ করছে।

একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। ইউনিয়ন পরিষদ যদি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করে তাহলে জনবান্ধব ইউনিয়ন পরিষদে পরিণত হবে। তিনি ইউনিয়ন পরিষদকে এ কাজে সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *