জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১৯ ০০:২২:১০ || আপডেট: ২০১৯-০১-১৯ ০০:২২:১০
জাহেদুল হক,আনোয়ারা : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন,উন্নয়নে বাংলাদেশ সারাবিশ্বের রোল মডেল। উন্নয়নের কোন বিকল্প নেই। আমি এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী পাঁচ বছরে দেশ বহুগুণ এগিয়ে যাবে। আসুন সবাই মিলে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করি। আমার এই সততা ধরে রাখতে সকলের সহযোগিতা চাই। কথা দিলাম আপনাদের মাথা নিচু হয় এমন কাজ আমি করব না। তিনি গতকাল শুক্রবার বিকেলে কোরিয়ান ইপিজেড গেট সংলগ্ন মাঠে তাঁকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।
আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। নির্বাচনী এলাকার জনগণের দেওয়া এই সংবর্ধনাকে জীবনের সর্বশ্রেষ্ঠ সংবর্ধনা হিসেবে অভিহিত করে তিনি দক্ষিণ চট্টগ্রামের মানুষকে তা উৎসর্গ করেন।
কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো.ফারুক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহসভাপতি আবুল কালাম চৌধুরী,এড.জসিম উদ্দিন খান, জেলা যুবলীগের সভাপতি আমম টিপু সুলতান ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের।
আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের দুই সাধারণ সম্পাদক এমএ মালেক ও হায়দার আলী রনির যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মান্নান চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব প্রমুখ।
নিজের চাওয়া-পাওয়ার কিছু নেই বলে উল্লেখ করে ভ‚মিমন্ত্রী আরও বলেন,এ মন্ত্রণালয় থেকে আমি ব্যর্থতা নিয়ে যেতে চাই না,সম্মান নিয়ে যেতে চাই। কারণ জবাবদিহিতা জনগণের কাছে। যে কেউ প্রশ্ন করলে যেন জবাবদিহি করতে পারি। দলমত নির্বিশেষে সবার জন্য মন্ত্রণালয়ের দরজা খোলা থাকবে। আমি আপনাদের সেবক হিসেবে থাকতে চাই।