জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২০ ২৩:৫৯:২৪ || আপডেট: ২০১৯-০১-২০ ২৩:৫৯:২৪
আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে গত দুই দিনে খামারের ৫৫০০ মুরগি মারা গেছে। উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া গ্রামের আবদুল বাসেত চৌধুরীর খামারে এ ঘটনা ঘটে।
রবিবার সকালে গিয়ে দেখা যায়,খামারের পাশেই সহ¯্রাধিক মরা মুরগি স্তুপ করে রাখা হয়েছে। এসব মুরগি মাটিতে চাপা দেওয়া হচ্ছে। খামারে বেঁচে থাকা মুরগিগুলোর কোন সাড়া শব্দ নেই। কিছুক্ষণ পরপর কয়েকটা করে মুরগি মারা যাচ্ছে। এসব মুরগির একেকটির ওজন এক কেজি থেকে ১২০০ গ্রাম। খামারি আবদুল বাসেত চৌধুরী জানান,গত দুই দিনে তাঁর খামারের সাড়ে পাঁচ হাজার মুরগি মারা গেছে। তারমধ্যে ২২০০ সোনালী ও ৩৩০০ ব্রয়লার মুরগি। এতে তাঁর প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
একইভাবে উপজেলার বিভিন্ন খামারেও মুরগির মড়ক দেখা দিয়েছে। কোনো ওষুধেই কাজ হচ্ছে না। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে নতুন নতুন খামার। হঠাৎ করে খামারে মড়ক দেখা দেওয়ায় খামারিরা আতঙ্কে ভুগছেন। সবাই বেশ চিন্তিত ও হতাশ হয়ে পড়েছেন। তাঁরা এ ব্যাপারে প্রাণিসম্পদ কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন। এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন বলেন,মারা যাওয়া মুরগিগুলো পরীক্ষা না করা পর্যন্ত রোগ নির্ণয় করা যাবে না। পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।