চট্টগ্রাম, , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় ফেরোমন ফাঁদে সাশ্রয় হচ্ছে অর্থ-সময়

প্রকাশ: ২০১৯-০১-২০ ২৩:৫৬:৩১ || আপডেট: ২০১৯-০১-২০ ২৩:৫৬:৩১

জাহেদুল হক,আনোয়ারা : আনোয়ারায় বিষমুক্ত শাকসবজিসহ ফসল চাষে সেক্স ফেরোমন ফাঁদের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। এ ফাঁদ ব্যবহারের ফলে একদিকে যেমন অর্থ ও সময় সাশ্রয় হচ্ছে, অন্যদিকে বিষমুক্ত শাকসবজি ও বিভিন্ন ফসলের উৎপাদন বাড়ছে।
চলতি মৌসুমে উপজেলার ১১টি ইউনিয়নে বিভিন্ন ফসল ক্ষেতে মাছি জাতীয় ক্ষতিকর পোকা দমনে এ ফাঁদ ব্যবহৃত হচ্ছে। অনেক কৃষককে বিনামূল্যে ফেরোমন ফাঁদের ট্র্যাপ দিয়েছে কৃষি অফিস। নামে মাত্র ব্যয়ে তৈরি করা ফেরোমন ফাঁদ ব্যবহারে সুফল পাওয়ায় রাসায়নিক কীটনাশক ব্যবহারের পরিবর্তে এ ফাঁদে ঝুঁকছেন কৃষকরা।
জানা যায়,স্ত্রী পোকার গায়ের গন্ধের অনুরূপ জৈবিক পদার্থ দিয়ে তৈরি এ ফাঁদে পুরুষ পোকা আকৃষ্ট হয়ে এসে সাবান বা কেরোসিন মিশ্রিত পানিতে পড়ে মারা যায়। ফলে কৃষকের অর্থ ও সময় বেঁচে যাচ্ছে; পক্ষান্তরে বিষমুক্ত শাকসবজির উৎপাদন বাড়ছে। উৎপাদন ক্ষমতা ফিরে পাচ্ছে ফসলি জমি। রক্ষা হচ্ছে পরিবেশ; ভোক্তারা পাচ্ছেন নিরাপদ শাকসবজি।

সরেজমিন ফসলের মাঠ ঘুরে দেখা যায়,বেগুন,শিম,টমেটো,বরবটি,কুমড়া,লাউসহ বিভিন্ন ফসলের ক্ষেতে সেক্স ফেরোমন ফাঁদ ঝুলছে। দুয়েক বছর আগেও এসব ফসলের ক্ষেতে উচ্চমূল্যের কীটনাশক ব্যবহারে কৃষক অপেক্ষাকৃত কম লাভ পেতেন। কৃষি অফিসের পরামর্শে বর্তমানে ওইসব ক্ষেতে ক্ষতিকর কীটনাশক ছেড়ে সেক্স ফেরোমন ব্যবহার করায় কৃষকরা অধিক লাভবান হচ্ছেন।

বরুমচড়া এলাকার কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা গেছে,কৃষি কর্মকর্তার পরামর্শে তারা দুই বছর ধরে ফসলে পোকা দমনে কীটনাশক ছেড়ে ফেরোমন ফাঁদ ব্যবহার করছেন। অনেক সময় বেশি দামের কীটনাশকও কাজে আসত না। কিন্তু ফেরোমন ফাঁদ সবজি চাষে ক্ষতিকর পোকা দমনে শতভাগ কাজে আসায় তারা লাভবান হয়েছেন। তাদের সুফল দেখে পার্শ্ববর্তী কৃষকরাও ফেরোমন ফাঁদে ঝুঁকছেন। আবার অনেকেই নতুন করে এ ফাঁদ ব্যবহার শুরু করেছেন। জুঁইদন্ডী গ্রামের কৃষক মজিবুর রহমান জানান,বেগুন ক্ষেতে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারের ফলে বছরে অন্তত ১৫-২০ হাজার টাকা কীটনাশক খরচ কমেছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.হাসানুজ্জামান বলেন,উপজেলার প্রতিটি গ্রামেই কমবেশি ফেরোমন ফাঁদ ব্যবহৃত হচ্ছে। এ ফাঁদের ব্যবহার বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করছেন কৃষি কর্মকর্তারা। তাতে করে বিভিন্ন জাতের উন্নত ফসল ও প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচয় ঘটানো সম্ভব হচ্ছে। ক্ষতিকর কীটনাশক ব্যবহার বন্ধ করে আধুনিক প্রযুক্তির দিকে আকৃষ্ট হচ্ছে কৃষকরা। উপজেলায় এবারের শীতকালিন সবজি চাষে তিন হাজারের অধিক ফেরোমন ফাঁদ ব্যবহৃত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *