প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২২ ০০:১৪:১১ || আপডেট: ২০১৯-০১-২২ ০০:১৪:১১
প্রদীপ শীল, রাউজান: রাউজান: চট্টগ্রামের রাউজানে বাসের ধাক্কায় রেশমা আকতার (১৮) নামে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেশমা আকতার রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৭ নম্বার ওয়ার্ডের নতুন পাড়ার বাসিন্দা সিএনজি টেক্সী চালক মো. মনির হোসেনের মেয়ে। ২ বোন ও ৩ ভাইয়ের মধ্যে রেশমা আকতার সবার বড়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলা পরিষদ গেইটের সামনে শিক্ষা সফরের একটি বাসের বাক্সের ঢাকনার সঙ্গে ধাক্কা খেলে গুরুতর আহত হয় রেশমা। পরে স্থানীয়রা উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে বিউটিফিকেশন কোর্সের ক্লাস করার জন্য রেশমা আকতার রাউজান উপজেলা পরিষদে যাওয়ার সময় গেইটের সামনে গেলে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা গহিরার জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাউজান থানার এসআই মো. আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষা সফরের বাসের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। ঘাতক বাস ও চালক রাউজান থানা হেফাজতে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এদিকে শিক্ষা সফরের উদ্দেশ্যে বের হওয়া এয়াছিন নগর আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষা সফর বাতিল করে বাড়ি ফিরে গেছে বলে জানা গেছে।