চট্টগ্রাম, , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে কলেজছাত্রীর নিহতের ঘটনায় চালক কারাগারে : স্কুল সভাপতির পদত্যাগ

প্রকাশ: ২০১৯-০১-২৩ ০০:২১:৩০ || আপডেট: ২০১৯-০১-২৩ ০০:২১:৩০

প্রদীপ শীল, রাউজান: চট্টগ্রামের রাউজানে স্কুলের শিক্ষা সফরের বাসের ধাক্কায় নিহত কলেজছাত্রী রেশমা আকতারের লাশ মৃত্যুর প্রায় ৩০ ঘন্টাপর দাফন করা হয়েছে। বাসের ধাক্কায় নিহতের ঘটনায় কলেজছাত্রী রেশমার বাবা মনির হোসেন বাদী হয়ে সোমবার রাতে থানায় মামলা করেছেন। ঘটনার দিন ঘাতক বাস ও চালক জসিম উদ্দিন (৪০) কে আটক করে পুলিশ। গতকাল মঙ্গলবার ধৃত জসিম উদ্দিন (৪০) কে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ধৃত জসিম রাঙ্গামাটি জেলার নানিয়াছড়ি এলাকার শফিউল্লাহর পুত্র।

এই প্রসঙ্গে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ বলেন, নিহতের বাবা মনির হোসেন ঘাতক বাসের চালক জসিম উদ্দিনের নামে মামলা (মামলা নং-১১) দায়ের করেছেন। নিহত কলেজছাত্রীর লাশ আজ (মঙ্গলবার) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। জানা যায়, সোমবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে স্কুলের শিক্ষা সফরের একটি বাসের ধাক্কায় কলেজ ছাত্রী রেশমা আকতারের মৃত্যু হয়। নিহত রেশমা আকতার রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৭ নম্বার ওয়ার্ডের নতুন পাড়ার বাসিন্দা সিএনজি টেক্সী চালক মো. মনির হোসেনের মেয়ে। স্থানীয় লোকজন জানিয়েছেন রেশমা আকতার সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাসের ধাক্কায় নিহত হলেও লাশটি রাউজান থানায় একটি অ্যাম্বুলেন্সে রেখে দেয়া হয়।

রেশমার পরিবার ও এলাকাবাসী মৃত্যুর পর পর কবর খনন করলেও মঙ্গলবার (২২ জানুয়ারি) ময়নাতদন্তের পর বাদ আসর কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে বাসের ধাক্কায় কলেজছাত্রী রেশমা আকতারের মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশিত হলে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পুত্র ফারাজ করিম চৌধুরী তার ফেইসবুক পেইজে ন্যায় বিচারের পক্ষে দুটি স্ট্যাটাস দেন। একজন কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনার বিচার না করে ৩০ হাজার টাকায় সমজোতার চেষ্টায় জড়িদের রুখে দিতে হবে। উল্লেখ করে প্রথম স্ট্যটাসে ফারাজ করিম চৌধুরী লিখেছেন, ‘আমি স্তব্ধ, আমি নির্বাক! মাত্র ৩০ হাজার টাকা দিয়ে কি একটি প্রাণ ফিরে আসবে?’ শুনলাম মেয়ের বাবা-মা নাকি ভয়ে মামলা করছে না।

ভাবতে অবাক লাগে, আমাদের মধ্যে থাকা সিনিয়র নেতারা বাবাকে ফোন করে এই মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। নোংরামি কোন পর্যায়ে গিয়ে পৌছেছে দেখুন। প্রধান শিক্ষক ও সভাপতির পদত্যাগ দাবি করছি। ড্রাইভারকে গ্রেফতার করার পর শুনেছি মেয়ের বাবা মামলা করতে চাচ্ছে না। যদি কোন ধরনের ভয়ভীতি দেখানো হয়ে থাকে তবে আমার সাথে যোগাযোগ করুন। আপনি মামলা না করলে সরকার বাদী হয়ে মামলা করবে। রাজনীতি যে কত নোংরা তা আমার বলার ভাষা নেই। যে যার অবস্থান থেকে এগিয়ে আসুন, রুখে দিন সকল অন্যায়কে। দ্বিতীয় স্ট্যাটাসে ফারাজ করিম চৌধুরী লিখেছেন, ‘একজন নেতা যতই ভালো হোক না কেন তাঁর আশে-পাশের মানুষগুলো সমমনা বা সহমত নেতৃত্বের না হলে দেশের প্রকৃত কোন লাভ হবে না। অভিযুক্ত ড্রাইভারকে বাঁচানোর জন্য বিদেশ থেকে ফোন আশা থেকে শুরু করে আমাদের নিজ দলের অনেকে পরোক্ষভাবে তদবির করছে।

আপনারা যত ইচ্ছে বাস মালিকের পক্ষে তদবির করুন, আমি ন্যায় বিচারের পক্ষেই লড়ে যাবো। সত্য ও সুন্দরের জয় অবশ্যই হবে। দেখা যাক শেষ পর্যন্ত , আল্লাহ ভরসা। ফারাজ করিম চৌধুরীর দেয়া স্ট্যাটাসের পর রাউজান সেন্ট্রাল বয়েজ অব রাউজান নামের এক সংগঠনের নেতৃবৃন্দ নিহত কলেজছাত্রী রেশমার বাবাকে বুঝিয়ে মামলা করিয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে। সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র ফেইসবুক পেইজে সোমবার রাত ১০টার পর ছবি সম্বলিত একটি স্ট্যাটাসে লিখেছেন গতকাল সকাল ১০ঘটিকায় স্কুল শিক্ষা সফরের বাস ধাক্কায় প্রাণ হারায় রেশমা আকতার। তিনি হাটহাজারী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা যায়। ( সূত্র: বিভিন্ন গণমাধ্যম) এতে পরিবার পরিজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া…..।

তাঁর পিতা বাদী হয়ে বাস চালকের বিরুদ্ধে মামলা করতে গেলে…একটি মহল এ নিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করে এবং পুলিশ মামলাটি নিতে অগ্রাহ্য করে….এরুপ পরিস্থিতিতে ‘ফারাজ করিম চৌধুরীর প্রচেষ্টায়’ এবং সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর পরিবারের সর্বোচ্চ সহযোগিতায় মামলা দায়ের করা হয়…। স্ট্যাটাসের সাথে পোস্ট করা ছবিতে দেখা যায় নিহত কলেজছাত্রী রেশমার বাবার পাশে সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র সভাপতি মো. সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব। এদিকে শিক্ষা সফরে যাওয়া এয়াছিন নগর আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এই প্রসঙ্গে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, এমপির (এবিএম ফজলে করিম চৌধুরী) নির্দেষে আমি পদত্যাগ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *