মীর সোলায়মান
রাঙামাটি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৩ ০০:১৩:২৫ || আপডেট: ২০১৯-০১-২৩ ০০:১৩:২৫
মীর সোলায়মান, রাঙামাটি : বায়ান্ন বছর বয়সি আফজাল হোসেনের চেহারা সাদামাটা। কিন্তু স্থানীয় বাসিন্দাদের কাছে সে এক মুর্তিমান আতংক। দৃশ্যমান কোন পেশা নেই তার। সন্তু লারমার জনসংহতি সমিতির (জেএসএস) হয়ে চাঁদা আদায় করে সে। ৩০ শতাংশ হারে কমিশন নিয়ে গত ২০ বছর ধরে সে চলছে চাঁদাবাজির টাকায়। কিন্তু ২০ বছর ধরে যে অত্যাচার সে চালিয়ে আসছিল, তা আধঘন্টাতইে থামিয়ে দিয়েছে যৌথ বাহিনী। মঙ্গলবার দুপুরে একটি দেশীয় পিস্তল, নগদ টাকা ও ৩টি মোবাইলসহ আটক করা হয়েছে তাকে। স্বস্তি ফিরেছে এলাকায়। জেএসএসের পরিচয়ে ফোন কলেই ঘরে আসে টাকার বান্ডিল। ঠিকাদার, ব্যবসায়ী ও চাকরিজীবীরাই ছিল তার চাঁদাবাজির মূল টার্গেট। নিজের চাঁদাবাজির একক এই সা¤্রাজ্যের রাণী তার স্ত্রী খোদেজা বেগম। সাধারণ বেশভুষায় থাকায় বেশ কয়েকটি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ এড়াতে পারলেও এবার হাতকড়া পড়েছে তার। গোপন সংবাদে রাঙামাটি শহরের আসামবস্তি এলাকার অভিযানে নামে যৌথবাহিনী। অভিযান টের পেয়ে আফজাল কাপ্তাই হ্রদে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। মঙ্গলবার বিকেলে আফজালকে রাঙামাটি সেনা রিজিয়নে সাংবাদিকদের মুখোমুখি করা হয়।
এসময় আফজাল জানায়, প্রায় ২০ বছর ধরে জেএসএস এর চাঁদা আদায় করে আসছে। সে শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি ও আসামবস্তি এলাকায় ব্যবসায়ি, বাঁশ, গাছ, মাছ ব্যবসায়ি, দোকানপাট, সিএনজি এবং বিভিন্ন পণ্যবাহী গাড়ি থেকে জেএসএসের পূর্বে নির্ধারিত চাঁদা কালেকশন করে আসছে। চাঁদা আদায়ের উপর ৩০% টাকা কমিশন পেয়ে থাকে। বিকেলে আফজালকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হবে বলে জানিয়েছেন কোতয়ালী থানার এসআই আব্দুর রহিম।
এদিকে সোমবার সন্ধ্যায় জেলার নানিয়ারচরের ঘিলাছড়ি এলাকা থেকে দুই চাঁদাআদায়কারীকে আটক করা হয়েছে। এরা হলো-রাঙামাটির লংগদু উপজেলার মধ্য খারিকাটা গ্রামের অশ্বহামা চাকমার ছেলে বোধিস্বত্ত চাকমা ওরফে পিপলু (৩৮) এবং একই উপজেলার বড়াদম গ্রামের সুমতি রঞ্জন চাকমার ছেলে শুশান্ত চাকমা ওরফে অটল চাকমা (৪০)। দুজনই প্রসিতপন্থী ইউনাইটেড পিপলস ডেমেক্র্যাটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র চাঁদা আদায়কারী।
এসময় তাদের কাছ থেকে একটি বাজাজ মোটরসাইকেল, নগদ ২১হাজার ৭৭৩টাকা, চাঁদা আদায়ের রশিদ, মোবাইল ফোন ৪টি, জাতীয় পরিচয় পত্র ২টি, ব্লেড ৪টি, ঘড়ি ২টি, চশমা ২টি এবং ওই এলাকায় বিভিন্ন দোকান থেকে চাঁদা আদায়ের টোকেন উদ্ধার করা হয়।