প্রকাশ: ২০১৯-০১-২৪ ১২:৫০:৪৫ || আপডেট: ২০১৯-০১-২৪ ১২:৫০:৪৫
কক্সবাজার :
কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ দুই ‘ইয়াবা ব্যবসায়ী’ নিহত হয়েছেন।বৃহস্পতিবার ভোরে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের সাবরাং বাহাছড়া ঘাট এলাকায় এ ‘গোলাগুলির’ ঘটনা ঘটে।
র্যাবের দাবি—এ সময় অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব টেকনাফ ক্যাম্প কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব জানান, ‘ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়াঘাট এলাকায় অভিযানে নামেন।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে ইয়াবা ব্যবসায়ীরা। র্যাবও পাল্টা গুলি ছুড়লে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।