শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৪ ২৩:১০:৫১ || আপডেট: ২০১৯-০১-২৪ ২৩:১১:২০
শংকর চৌধুরী,খাগড়াছড়ি : খাগড়াছড়িতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমীতে এসে আলোচনা সভা করে।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কবির হোসেন’র সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অরিন্দম কৃষ্ণ দে এর সঞ্চালনায় বাসদ (মার্কসবাদী) খাগড়াছড়ি জেলা শাখার সদস্য শাহাদাত হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির স্কুল বিষয়ক সম্পাদক আরিফ মঈনুদ্দীন, জেলা সদস্য বিমল কান্তি ত্রিপুরাসহ প্রমূখ বক্তব্য রাখেন।
এসময়,বক্তারা খাগড়াছড়ি সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসন, পর্যাপ্ত বিষয়ে অনার্স-মাস্টার্স ও বিএসসি কোর্স চালুসহ, স্কুল-কলেজে অতিরিক্ত ফি আদায় বন্ধ, অবিলম্বে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালু, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, পিইসি পরীক্ষা বাতিল ও শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধের দাবি জানান।
সর্বজনীন বিজ্ঞানভিত্তিক সেক্যুলার একই পদ্ধতিতে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮৪ সালের ২১ জানুয়ারি সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পথচলা শুরু হয়েছে। এখনো সেই লক্ষে লড়াই সংগ্রাম ধারাবহিকতায় সংগঠনটি শিক্ষা আন্দোলন পরিচালনা করে আসছে উল্লেখ করে বক্তারা আরো বলেন, স্বাধীনতার পরবর্তী সব সরকারই তাদের সংগঠনসহ ছাত্র সমাজের গণতান্ত্রিক শিক্ষার দাবি উপেক্ষা করে আসছে। শিক্ষাকে ব্যবসার পণ্যে পরিণত করেছে। টাকা যার শিক্ষা তার এখনো এই নীতিতে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে। উচ্চ শিক্ষা ব্যায় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। শাসকগোষ্ঠি গণতান্ত্রিক শিক্ষা জায়গা থেকে ক্রমেই সরে আসছে। স্কুলগুলোতে পুনঃভর্তি, ফরমপূরণের সময় অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। শিক্ষার উপর আজও নানামুখী আক্রমণ তীব্র হচ্ছে।
বক্তারা বলেন, ২০০৯ সালে সরকার প্রাথমিক সমাপনী পরীক্ষা পিইসি চালু করে শিশুদের শৈশব কেড়ে নিয়ে তাদের ইঁদুর দৌড় প্রতিযোগিতায় ফেলে দিয়েছে। ভালো ফলাফলের আশায় প্রশ্নপত্র ফাঁসের মতো অন্যায় কাজের সাথে শিক্ষক অভিভাবকরা যুক্ত হচ্ছে। খাগড়াছড়ি কলেজে এখনো পর্যাপ্ত বিষয়ে অনার্স-মাস্টার্স কোর্স পর্যাপ্ত নেই, নেই পর্যাপ্ত শিক্ষক। ১৯৯০ সালের পর থেকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে থাকায় কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে অগণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়ে আছে। মুুক্তিযুদ্ধের আকাঙ্খা এক ধারার শিক্ষা হলেও এখনো চার ধারার শিক্ষা পদ্ধতি চালু রয়েছে। এভাবে চলতে থাকলে শিক্ষার সামগ্রিক বিকাশ অসম্ভব বলে দাবি করে বক্তারা।