আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৫ ২১:৫০:৩৭ || আপডেট: ২০১৯-০১-২৫ ২১:৫০:৩৭
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
কর্ণফুলীতে গতকাল (শুক্রবার) সাপুড়ে সেজে সাপ রাখার বাক্সে ইয়াবা লুকিয়ে রেখে টেকনাফ থেকে ঢাকা যাওয়ার পথে মো. আবুল হোসেন (৩৭) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই সাপের বাক্স থেকে উদ্ধার করা হয়েছে ৫ হাজার পিস ইয়াবা। গ্রেফতারকৃত মো. আবুল হোসেন (৩৭) ঢাকা জেলার সাভারের কাঞ্চনপুর এলাকার আনু মিয়ার ছেলে।
এব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ জানান, সাপ রাখার বাক্সে ৫ হাজার পিস ইয়াবা লুকিয়ে রেখে টেকনাফ থেকে ঢাকা যাওয়ার পথে আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিতে সে সাপুড়ে সেজেছিল। ২৫ জানুয়ারি (শুক্রবার) সকাল ৯টায় কর্ণফুলী থানার মইজ্যারটেক মোড় থেকে মো. আবুল হোসেনকে গ্রেফতার করে কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ দল।
এসআই মনিরুল ইসলাম বলেন, সাপ রাখার বাক্সে কৌশলে লুকিয়ে ইয়াবা নিয়ে টেকনাফ থেকে ঢাকা যাচ্ছিলেন আবুল হোসেন। গোপন সূত্রে খবর পেয়ে মইজ্যারটেক মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, আমাদের কাছে সাপের বাক্সে করে ইয়াবা নিয়ে যাওয়ার তথ্য ছিল। আবুল হোসেনকে আটকের পর বাক্সে সাপের চামড়া, তন্ত্র-মন্ত্রের হাড়, তেলসহ বিভিন্ন জিনিস পাওয়া যায়। সে নিজেকে সাপুড়ে দাবি করে ছেড়ে দেওয়ার অনুরোধ জানাতে থাকে। এক পর্যায়ে সাপের বাক্সের তলা কেটে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।