বেলাল আহমদ
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৫ ২১:৩৫:৫৫ || আপডেট: ২০১৯-০১-২৫ ২১:৩৫:৫৫
বান্দরবান:
বান্দরবানের রুমায় ৪ কাঠুরিয়া শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। অপহৃতদের মুক্তির দাবিতে তাদের সহযোগীদের কাছে আড়াই লাখ টাকা চেয়েছে বলে খবর পাওয়া গেছে।
অপহৃতরা হলেন- বান্দরবান শহরের বালাঘাটার বাসিন্দা শ্রমিক মো. নুরুল আলম (৫০), কক্সবাজার জেলার চকরিয়ার বাসিন্দা মো. জমির হোসেন (৪০), চট্টগ্রামের চন্দনাইশ এলাকার বাসিন্দার আহম্মদ কবির (৪৫) ও মো. রসার আলী (৩৫)।
শুক্রবার বিকালে উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের পান্তলা এলাকার নাইতং পাড়ার একটি পাহাড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের পান্তলা এলাকার নাইতং পাড়ার পার্শ্ববর্তী পাহাড়ে শহরের এক কাঠ ব্যবসায়ীর তত্ত্বাবধানে গাছ কাটছেন ১৫ জন শ্রমিক।
খবর পেয়ে চাঁদার টাকা না দেয়ায় অস্ত্রধারী সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে ৪ জন কাঠুরিয়া শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণের পর অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহৃতদের মুক্তিপণ বাবদ অন্য শ্রমিকদের ফোন করে ব্যবসায়ীর কাছ থেকে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিদর্শনে যান। অপহরণের আগেও অস্ত্রধারী সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করেছিল বলে জানা গেছে।
সেনাবাহিনীর রুমা জোনের অধিনায়ক লে. কর্নেল শাহ্ নেওয়াজ জানান, অপহরণের কথা স্থানীয়দের কাছ থেকে শোনতে পেরেছি। বিস্তারিত তথ্য জানতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ওসি আবুল কাশেম চৌধুরী জানান, গ্যালেঙ্গা থেকে ৪ জন কাঠুরিয়া শ্রমিক অপহরণের খবর পেয়েছি। খোঁজখবর নেয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন।