জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৬ ০১:২৮:৩৯ || আপডেট: ২০১৯-০১-২৬ ০১:২৮:৩৯
জাহেদুল হক,আনোয়ারা : আনোয়ারা উপজেলায় ফসলি জমির উপরিভাগের মাটি বিক্রির হিড়িক পড়েছে। কৃষকদের অভাবের সুযোগে এসব মাটি কিনে নিয়ে যাচ্ছে ভিটেবাড়িসহ ইটভাটায়। এতে মাটির উর্বরা শক্তি কমে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
কৃষিবিদরা বলছেন,একবার মাটি কাটা জমিতে আগের মতো উর্বরা শক্তি ফিরে আসতে কমপক্ষে ১০-১৫ বছর সময় লাগে। আর এভাবে মাটি বিক্রি অব্যাহত থাকলে এক সময় ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে। কৃষকদের মাটি বিক্রি না করার বিষয়ে সচেতন করার পরও তারা কথা শুনছেন না। নগদ টাকার আশায় কৃষকরা জমির মাটি বিক্রি করছেন। এতে সাময়িক তাদের অভাব দূর হলেও উৎপাদন ব্যাহত হচ্ছে।
এদিকে জমির মাটি আনা নেয়ার কাজে ব্যবহৃত ট্রাকের দানবীয় চাকায় পিষ্ট হচ্ছে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট। দীর্ঘদিন ধরে এহেন কর্মকান্ড চলতে থাকলেও দেখার যেন কেউই নেই। এতে করে একদিকে যেমন ক্ষতি হচ্ছে পরিবেশ, অন্যদিকে সড়কগুলো বেহাল দশায় পরিণত হচ্ছে। যার ফলে যোগাযোগ ব্যবস্থাও চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে।
সরেজমিন দেখা গেছে,উপজেলার বারশত গ্রামের বিলে দুটি জমিতে তিন ফুট গভীর করে মাটি কাটা হচ্ছে। এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে মাটি কেটে ট্রাকে তুলছেন শ্রমিকরা। পাশাপাশি আরেকটি জমিতে খননযন্ত্র দিয়ে মাটি কেটে ট্রাকে তোলা হচ্ছে। এসব মাটি বসতভিটা ভরাট ও বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য নেওয়া হচ্ছে বলে জানান মাটি কাটার সঙ্গে যুক্ত খোরশেদ আলম। একইভাবে বটতলী বাঘমারার চরেও খননযন্ত্র দিয়ে মাটি কাটা হচ্ছে। আর এসব মাটি নিয়ে যাওয়া হচ্ছে পরীর বিলের দুই ইটভাটায়। কর্ণফুলী ব্রিকসের ব্যবস্থাপক সিরাজুল হক জানান,৩৫ সদস্যের একটি সিন্ডিকেট দুই ইটভাটায় মাটি সরবরাহ করে থাকেন। তারা ক্ষমতাসীন দলের হওয়ায় তাদের ছাড়া মাটি নেওয়া যায় না। প্রতিগাড়ি মাটির দাম ৮৫০ টাকা।
জানা যায়,উপজেলার বরুমচড়া,বটতলী,জুঁইদন্ডী,রায়পুর,হাইলধর,বারখাইন ও বারশত ইউনিয়নের ফসলি জমির উপরিভাগ এক থেকে দুই ফুট গর্ত করে কাটা হচ্ছে। কোথাও কোথাও কোমর সমান গর্ত করে মাটি তুলে নেয়া হচ্ছে ইটভাটায়। খননযন্ত্র দিয়ে গভীরভাবে মাটি খননের ফলে এসব জমি পুকুরে পরিণত হচ্ছে। এর ফলে আবাদি জমির পরিমাণ দিন দিন আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। আর এসব কাজে ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে প্রত্যক্ষ সহযোগিতা করছেন স্থানীয় কয়েকটি সিন্ডিকেট। জমির মালিকদের কাছ থেকে মাটি কেনা,প্রশাসন ম্যানেজ করাসহ ্ইটভাটায় মাটি পৌঁছানোর দায়িত্ব সিন্ডিকেটের। বিনিময়ে তারা পাচ্ছেন লক্ষ লক্ষ টাকার কমিশন।
উপজেলার একাধিক মাটি ব্যবসায়ী জানান,গত কয়েক বছর ধরে ইটভাটা ও নিচু জায়গা ভরাটে মাটির চাহিদা বেশি থাকায় তারা মাটি বিক্রির দিকে আগ্রহী হয়েছেন। কারণ জমির চেয়ে মাটির দাম বেশি। তাছাড়া কৃষকরা জমির মাটি না বেচলে জোর করে মাটি নিতে পারতাম না আমরা। বর্তমানে জমি বিক্রি না করে মাটি বিক্রি করলে তাদের অভাব দূর হয়ে জমির জায়গায় জমি থেকে দুই ধরনের লাভ হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো.হাসানুজ্জামান বলেন,কৃষি জমির মাটির উপরিভাগের ছয় ইঞ্চি থেকে দেড় ফুট পর্যন্ত রাসায়নিক উপাদান থাকে। এই মাটি কেটে নেওয়া হলে জমি যেমন তার উর্বরা শক্তি হারায়, তেমনি ফসল উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়। জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ জানান, খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।