আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০১-২৭ ১৪:৫০:৫৯ || আপডেট: ২০১৯-০১-২৭ ১৪:৫০:৫৯
বীর কন্ঠ ডেস্ক :
চট্টগ্রাম মহানগরীর কয়েকটি বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে অধিকাংশ শিক্ষককে অনুপস্থিত পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান (দুদক) ইকবাল মাহমুদ।
আজ রোববার (২৭ জানুয়ারি) সকাল ৯টা ১৫ মিনিটে দুদক চেয়ারম্যান হাজির হন নগরীর কাট্টলী নুরুল হক চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে স্কুলের সময়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের বাইরে দেখতে পান।
স্কুলে প্রবেশ করে তিনি দেখেন, স্কুলের ৮ জন শিক্ষকের মধ্যে কেবল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উপস্থিত, বাকি ৭ জন শিক্ষকই অনুপস্থিত। ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গণের আশপাশে আচার-চানাচুর খেয়ে অলস সময় পার করছে।
এসময় অভিভাবকরা দুদক চেয়ারম্যানকে কাছে পেয়ে তাদের সন্তানদের শিক্ষা নিয়ে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন।
ইকবাল মাহমুদ এসময় বলেন, ‘যেকোনো মূল্যে শ্রেণিকক্ষে শিক্ষা নিশ্চিত করা হবে। প্রয়োজনে দুদক দণ্ডবিধির-১৬৬ ধারা প্রয়োগ করবে। তারপরও ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি করবেন বা করার চেষ্টা করবেন এমন কাউকেই ছাড় দেয়া হবে না।’
কাট্টলী নুরুল হক চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের পর দুদক চেয়ারম্যান যান ভাটিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে গিয়ে দেখেন ১১ জন শিক্ষকের মধ্যে অনুপস্থিত ২ জন। তাদের অনুপস্থিতির কারণ স্কুল কর্তৃপক্ষ জানাতে পারেননি ।
তখন তিনি শিক্ষার্থীদের উপস্থিতি তালিকা পরীক্ষা করে দেখেন, গতকাল যেসব শিক্ষার্থী অনুপস্থিত ছিল, তাদের অনেককেই উপস্থিত দেখানো হয়েছে। আবার রোববার বেলা ১০টা পর্যন্ত শিক্ষার্থীদের হাজিরা নেয়া হয়নি। এ বিষয়েও স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
এরপর দুদক চেয়ারম্যান নগরীর শীতলপুর উচ্চ বিদ্যালয়ে যান। সেখানে টেস্ট পরীক্ষায় ফেল করা কোনো শিক্ষার্থীকে এবার এসএসসি পরীক্ষায় সুযোগ দেয়া হয়নি জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তবে নবম শ্রেণিতে এক বা একাধিক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের দুই হাজার টাকার বিনিময়ে দশম শ্রেণিতে উত্তীর্ণ করায় ক্ষোভ প্রকাশ করে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, এটা অনৈতিক। শিক্ষাক্ষেত্রে অনৈতিকতার কোনো স্থান থাকতে পারে না।
সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি দেখতে আকস্মিক হানা দেন দুদক চেয়ারম্যান।