জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৮ ০১:১৯:০৯ || আপডেট: ২০১৯-০১-২৮ ০১:৪১:১৭
আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় খাল খনন নিয়ে আওয়ামী লীগের দুপক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলার চুন্নাপাড়া গ্রামের গোদারপুল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মেগা প্রকল্পের আওতায় উপজেলার জুইদন্ডী শঙ্খের মুখ থেকে পারকি বাজার পর্যন্ত সাপমারা খালের খনন কাজ করা হচ্ছে। নুর এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এই কাজ পায়। উপজেলা যুবলীগ নেতা জালাল উদ্দিন শাহ সাব ঠিকাদার হিসেবে ওই খাল খননের কাজ করছেন।
তবে খননকৃত খালের মাটি বাঁধে না ফেলে অন্যত্র বিক্রিসহ কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের।
এ নিয়ে রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিজ চৌধুরীর নেতৃত্বে তাঁর সমর্থকেরা গতকাল সকালে খনন কাজে বাধা দেয়। এ সময় উভয় পক্ষ মুখোমুখি হলে বাকবিতন্ডাসহ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।
অন্যত্র মাটি বিক্রির কথা অস্বীকার করে জালাল উদ্দিন শাহ বলেন, কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদার ও পাউবো কর্তৃপক্ষ তদারকি করবে। মূলত তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় তারা কাজে বাধা দিচ্ছে। এ সময় দুটি খননযন্ত্রে ভাংচুর চালায় বলেও দাবি করেন তিনি।
চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে নুরুল আজিজ চৌধুরী বলেন, খালের মাটি অন্যত্র বিক্রি ও কাজে অনিয়মের কারণে এলাকাবাসী কাজে বাধা দিয়েছে।
এ ব্যাপারে রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জানে আলম বলেন, পানি উন্নয়ন বোর্ডের কার্যাদেশ অনুযায়ী কাজ না হওয়ায় স্থানীয়রা কাজে বাধা দিয়েছে। এলাকাবাসীর দাবি সংশ্লিষ্ট ঠিকাদারের ইচ্ছামাফিক কাজ করায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।
আনোয়ারা থানার এএসআই সাইদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।