আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৮ ০১:৪৫:৫৬ || আপডেট: ২০১৯-০১-২৮ ০১:৪৫:৫৬
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার বিএনপি নেতা পটিয়া পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম. খোরশেদ গণি গতকাল টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জেয়ারত শেষে পটিয়ার এমপি আলহাজ্ব সামশুল হক চৌধুরীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গতকাল রবিবার বেলা ১১ টায় তিনি আ’লীগে যোগদানকালে এমপি সামশুল হক চৌধুরী পটিয়ার উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়ে বলেন, জাতির পিতা এদেশকে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন।
আজ তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যা সফল করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, প্রবীণ আওয়ামীলীগ নেতা সামশুদ্দিন আহমদ, কাউন্সিলর গোফরান রানা, আবু সৈয়দ, আবদুল খালেক, মোহাম্মদ শফি, আবদুল মন্নান, সরোয়ার হায়দার, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় এমপি সামশুল হক চৌধুরী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না। দেশের মানুষ শান্তিতে দিনযাপন করছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের পাশাপাশি দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। বিএনপি গত নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হয়ে বুঝতে পেরেছেন এই দেশের মানুষ বিএনপি ও জামাত এবং স্বাধীনতা বিরোধীদের পছন্দ করে না। পটিয়া পৌরসভার কাউন্সিলর ও বিএনপি নেতা আলহাজ্ব এম. খোরশেদ গণি আওয়ামী লীগে যোগদান করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন বলেই আজ আমরা বিভিন্ন পদে আসীন হয়েছি। তিনি দেশের উন্নয়ন ধারাবাহিকতা রক্ষায় একযোগে কাজ করার বিষয়ে ঐক্যমত পোষন করে সকলের সহযোগিতা কামনা করেন।