আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৮ ২৩:২১:৩৩ || আপডেট: ২০১৯-০১-২৮ ২৩:২৯:৩৭
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম বলেছেন, বাংলাদেশে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান এর অভাবে অনেক শিক্ষার্থী সুশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই বর্তমান সরকার সুশিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষামূলক বাস্তবসম্মত নানা পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি শিক্ষা বান্ধব রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সরকার শিক্ষাক্ষেত্রে মান সম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ সহ শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়নেও সফলতার পরিচয় দিয়েছে। যার ধারাবাহিকতায় দক্ষিণ চট্টগ্রামের সাবেক মহকুমা সদর পটিয়ায় স্ব-উদ্যোগে দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি আলহাজ্ব সাইফুল আলম মাসুদ আধুনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণে প্রতিষ্ঠা করেছেন এস.আলম কলজিয়েট স্কুল এন্ড কলেজ।
এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকে স্বাতন্ত্রিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করে এ পর্যন্ত ভাল ফলাফল করে যাচ্ছে। যা অব্যাহত রাখতে হলে আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে এর শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে শিÿক সহ সংশ্লিষ্টদের একযোগে কাজ করতে হবে। আমাদের বিশ্বাস এ প্রতিষ্ঠান নিয়ে এস.আলম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল আলম মাসুদের অনেক স্বপ্ন রয়েছে। তার স্বপ্ন পূরণ করতে হলে শিক্ষার্থীদেরকে নিয়মিত পাঠদান করতে হলে শিক্ষকদেরকেও অভিজ্ঞতা অর্জন করতে হবে। তিনি আরো বলেন, শিক্ষকরা হচ্ছেন যেকোন শিক্ষার্থীর জন্য অনুকরণীয় তাই ক্লাসে পাঠদানের আগে শিক্ষকদের সংশ্লিষ্ট বিষয়ের উপর বদ্ধমূল ধারণা অর্জন এবং তাদের আচার-আচারণ, বেশভুষা, শিক্ষাদান পদ্ধতি শিক্ষার্থীকে যাতে প্রভাবিত করে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। তিনি গতকাল পটিয়ার এস.আলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম.এ সেলিম । বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম.এ সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক সচিব, কলেজ পরিদর্শক ও বর্তমান এস.আলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজ এর উপদেষ্টা প্রফেসর মুহম্মদ নুরুল হুদা। বিদ্যালয়ের সহকারী শিক্ষক রূপন কান্তি দাশ, সঞ্চিতা ভৌমিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর সজল কান্তি পাল, পটিয়ার পৌরসভার মেয়র মো: হারুনুর রশিদ ও এস.আলম গ্রুপের হেড অব এডমিন মোহাম্মদ বোরহান উদ্দীন। এছাড়া ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণসহ স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ বক্তারা তাদের বক্তব্যে বলেন নবীন হলে ও এস.আলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজ পটিয়া উপজেলায় শিক্ষা, ক্রীড়া ও সাংষ্কৃতিক ক্ষেত্রে এক অনন্য সাধারন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ও যোগ্য নাগরিক তৈরিতে বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে মান সম্মত বিজ্ঞান ও প্রযুক্তিসম্মতভাবে পাঠদানে এ প্রতিষ্ঠান একটি অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে যা প্রত্যন্ত অঞ্চলের জন্য একটি বিরল ঘটনা।
এরপর উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতা এবং একাডেমিক পুরষ্কার বিতরণ করা হয়। বিভিন্ন ইভেন্ট ও শ্রেণি ভিত্তিক মেধাক্রম ছাড়াও ইংরেজি ও বাংলা মাধ্যমের স্টুডেন্ট অব দ্যা ইয়ার -২০১৮ এ্যাওয়ার্ড প্রদান করা হয়। ২০১৮এ বাংলা মাধ্যমের নবম শ্রেণির শিক্ষার্থী সানজিদা আকতার ও ইংরেজি মাধ্যমের স্ট্যান্ডার্ড থ্রি এর শিক্ষার্থী সানজিদা জাহান স্টুডেন্ট অব দ্যা ইয়ার -২০১৮ এ্যাওয়ার্ড লাভ করেন।