চট্টগ্রাম, , সোমবার, ৯ নভেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় স্কুলের কাজে চাঁদা দাবির দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় ঠিকাদারের অভিযোগ 

প্রকাশ: ২০১৯-০১-২৮ ২৩:৪৬:১১ || আপডেট: ২০১৯-০১-২৮ ২৩:৪৬:১১

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া  :

রাঙ্গুনিয়ায় ঠিকাদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদার দাবীতে স্কুল ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেয়া সন্ত্রাসী বাদশা  আলম (৪৫) কে ধাওয়া দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। সন্ত্রাসী বাদশা ইউনিয়নের শান্তিনিকেতন গ্রামের আইয়ুব আলী প্রকাশ আয়না ফকিরের পুত্র। উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের মজুমদারখীল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৩ লাখ টাকা ব্যয়ে একটি একাডেমিক ভবন নির্মাণের কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। মেসার্স মেজবাহ কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান মাস খানেক ধরে ভবনটির নির্মাণ কাজ করছেন। সংশ্লিষ্ট ঠিকাদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা চেয়ে না পাওয়ায় ভবনটির নির্মাণকাজ বন্ধ করে দেন সন্ত্রাসী বাদশা আলমসহ তার সহযোগীরা। ঠিকাদারকে হাত কেটে নেয়ার হুমকি দিয়ে শ্রমিকদের কয়েক দফা মারধরও করেন এই সন্ত্রাসী চক্র।  সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে আবারো ভবনটির নির্মাণকাজ বন্ধ করে দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান রাঙ্গুনিয়ার ইউএনও মাসুদুর রহমান। ইউএনও’র উপস্থিতি টের পেয়ে ভোঁ দৌড় দেন চাঁদাবাজ বাদশা। ঘটনাস্থল থেকে তার ফেলে যাওয়া নম্বর বিহীন একটি মোটর সাইকেল জব্দ করে পুলিশের কাছে দেন ইউএনও। ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মেজবাহ উদ্দিন পাঁচ লাখ টাকা চাঁদার দাবীতে নির্মাণ কাজ বন্ধ করে দেয়ার অভিযোগ এনে বাদশা আলমের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায়, চাহিদা ভিত্তিক প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের মজুমদারখীল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৩ লাখ টাকা ব্যয়ে শ্রেণী কক্ষ নির্মাণের টেন্ডার আহবান করেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। মেসার্স মেজবাহ কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পান অনলাইন টেন্ডারের মাধ্যমে। কাজটি শুরু করার পর থেকেই এলঅকার সন্ত্রাসী বাদশা পাঁচলাখ টাকা চাঁদা দাবী করে আসছেন। গত ২২ জানুয়ারি উপজেলার মাসিক সমন্বয় সভায়ও উপজেলা প্রকৌশলী দিদারুল আলম সন্ত্রাসী বাদশা কর্তৃক চাঁদার দাবীতে স্কুল ভবনের কাজ বন্ধ করে দেয়ার বিষয়টি প্রশাসনের নজরে আনেন।  সোমবার দুপুরে গিয়ে আবারো ঠিকাদারকে হাত কেটে নেয়ার হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান ইউএনও মাসুদুর রহমান ও পুলিশের একটি টিম। খবর পেয়ে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান রহিম উদ্দিন চৌধুরী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলমও উপস্থিত হন ঘটনাস্থলে। এসময় ইউএনও কাজ বন্ধ করে ঠিকাদারকে ডিস্টার্ব করার কারণ জানতে চাইলে সন্ত্রাসী বাদশা ভোঁ দৌড় দেন। প্রায় এক কিলোমিটার ধাওয়া করেও তাকে ধরা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে তারফেলে যাওয়া একটি নাম্বার বিহীন মোটর সাইকেল জব্দ করে পুলিশের হাতে তুলে দেন ইউএনও। এঘটনায় ঠিকাদার মেজবাহ উদ্দিন বাদি হয়ে রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ঠিকাদার মেজবাহ উদ্দিন বলেন, গত ২০ জানুয়ারি বাদশা আলম ১০/১২ জন লোক নিয়ে নির্মাণ শ্রমিকদের মারধর করে কাজ বন্ধ করে দেন। পাঁচ লাখ টাকা চাঁদা না দিলে আমার হাত পা কেটে নেবে হুমকি দেন। তার ভয়ে শ্রমিকরা কাজ করতে যাচ্ছেননা। সোমবার অনুরোধ করে শ্রমিকদের কাজে নিয়ে গেলে সে আবারো হুমকি দেয়ায় শ্রমিকরা পালান। বাধ্য হয়ে প্রশাসনের শরণাপন্ন হই।

অভিযুক্ত বাদশা জানান, তিনি কারো কাছে চাঁদা চাননি। নিম্মমানের কাজ করায় বাঁধা দিয়েছেন। তবে ইউএনওর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালালেন কেন তার কোন জবাব দেননি তিনি।

উপজেলা প্রকৌশলী দিদারুল আলম বলেন, নিম্মমানের কাজের অভিযোগ ভিত্তিহীন। চাঁদা চেয়ে কাজ বন্ধ করেছেন বাদশা। আমি বিষয়টি উপজেলা পরিষদের সভায় তুলেছি। সেটা রেজুলেশনেও এসেছে।

ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “স্কুল ভবনের নির্মাণকাজে বাঁধা ও চাঁদা দাবীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে থানাকে বলা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *