ফারুক খান তুহিন
প্রকাশ: ২০১৯-০১-২৯ ০০:৪২:৫৫ || আপডেট: ২০১৯-০১-২৯ ০০:৪৭:২৪
বান্দরবান, বীর কন্ঠ :
আসছে উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে প্রার্থীতা পেতে সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছেন দৌড়-ঝাপ। পার্বত্য জেলা বান্দরবানে নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র কোনো প্রার্থী মাঠে না থাকলেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা নৌকার টিকেট পেতে মরিয়া হয়ে লবিং করছে। গণসংযোগ আর অনলাইনে প্রচার প্রচারণায় চলছে নির্বাচনী হৈ-চৈ। এরই মধ্যে দলীয় কার্যালয়ে জমা পড়েছে সম্ভাব্য প্রার্থীদের আবেদন ও জীবন বৃত্তান্ত। তবে কবে নাগাদ জেলা আওয়ামীলীগ চূড়ান্ত সিদ্ধান্ত দিবে তা জানা যায়নি।
বান্দরবান সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থীর চেয়ে আলোচনার তুঙ্গে রয়েছে ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিষয়। উপজেলার প্রতিটি চা-স্টলে, হাট-বাজারে ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে নিয়ে করছে উল্লাসিত হৈ-চৈ। ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অল্প সময়ে সাধারণ মানুষের আলোচনায় চলে এসেছেন সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুলতানপুর গ্রামের আব্দুল করিম।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, আওয়ামী পরিবারের সন্তান আব্দুল করিম। তার চার ভাই স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। করিমের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড প্রায় ২৫ বছরের। তিনি ওয়ার্ড থেকে শুরু করে ধাপে ধাপে উপজেলা আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
১৯৯৫ সালে সুয়ালক ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন করিম। তারপর ১৯৯৭ সালে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি, ১৯৯৯ সালে সুয়ালক ইউনিয়ন যুবলীগ সভাপতি, ২০০৫ সালে সদর উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, ২০১১ সালে সুয়ালক ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি এবং ২০১৬ সাল থেকে বর্তমানে সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আব্দুল করিমের রাজনৈতিক পথচলা ততটা মসৃণ ছিলনা। ২০০২ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন তিনি। তার বিরুদ্ধে দ্রুত ট্রাইব্যুনালে মামলা হয়। ওই মামলায় ২০০৪ সালে গ্রেফতার হয়ে ১০ মাস ১৭ দিন কারাভোগ করেন। পরে আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে আসেন। ওই মামলা ২০১৭ সালে নিষ্পত্তি হয়।
প্রতিযোগিতামূলক রাজনৈতিক জগতে নিজের স্বচ্ছতার ইমেজ ধরে রাখার কারনে নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে প্রেরণা দিচ্ছেন।

আব্দুল করিম গরীব-অসহায়দের পাশে দাঁড়িয়ে সমাজসেবামূলক কাজে ভূমিকা রেখেছেন। পাশাপাশি শিক্ষা প্রসারে আত্মনিয়োগ করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য হন। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হওয়ার পর প্রতিটি ইউনিয়নে কর্মী সৃষ্টিতে অপ্রতিরোধ্য ভূমিকা রাখেন তিনি। বিশেষকরে একাদশ জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে মরিয়া হয়ে কাজ করেন করিম।


এত হেভিয়েট প্রার্থীর ভিড়ে নৌকার টিকেট পাওয়ার ব্যাপারে আশাবাদী কিনা জানতে চাইলে আব্দুল করিম বলেন, “মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈচিং মহোদয় যদি আমাকে ভাইস চেয়ারম্যান পদে লড়ার যোগ্য মনে করে তবে আমাকে মনোনয়ন দিবেন। পাওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদি। আর যদি নৌকার মনোয়ন নাও পাই তবুও আমি সিদ্ধান্ত মেনে প্রার্থীর পক্ষে কাজ করে যাবে।”
উপজেলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী হওয়ার আগ্রহের কারন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “উপজেলা সদরের কিছু কিছু এলাকার মানুষ খুবই অবহেলিত। এসব অবহেলিত জনগোষ্ঠির সেবায় নিজেকে জড়াতে চাই। এছাড়া বেকারত্ব দূরীকরণ, গরীব-দুঃখিদের সেবার মাধ্যমে মাননীয় মন্ত্রী বীর বাহাদুরের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চাই।”