চট্টগ্রাম, , শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

নবনিযুক্ত হুইপ সামশুল হক চৌধুরী চট্টগ্রামে আসছেন আজ : পটিয়ায় ব্যাপক সংবর্ধনার প্রস্তুতি

প্রকাশ: ২০১৯-০২-০১ ২৩:৩৫:৩২ || আপডেট: ২০১৯-০২-০১ ২৩:৩৫:৩২

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : জাতীয় সংসদের নবনিযুক্ত হুইপ পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী আজ (শনিবার) চট্টগ্রামে আসছেন। তার আগমনকে ঘিরে পটিয়ায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন তাকে সংবর্ধনার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানা গেছে। জানা যায়, মহামান্য রাষ্ট্রপতির The Bangladesh (whips) order 1972 (p.o.64 of 1972) এর Article 3 (1) এর বিধান মোতাবেক সামশুল হক চৌধুরীসহ চীফ হুইপ ও হুইপ পদে ৬ জনকে নিযুক্ত করেন বলে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ কর্তৃক সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান স্বাক্ষরিত ও জারীকৃত প্রজ্ঞাপন নং-১১.০০.০০০০.৮০৩.৩১.০০৪.১৯.৭৯ তারিখ- ৩০ জানুয়ারী ২০১৯খ্রি: মূলে জানা গেছে।

স্বাধীনতার পরে চট্টগ্রাম জেলায় সামশুল হক চৌধুরী এমপি প্রথম ব্যক্তি যিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন সংসদের হুইপের দায়িত্ব পেলেন। এ খবর পটিয়ায় ছড়িয়ে পড়লে সর্বত্র আনন্দের বন্যা বয়ে যায়। ইতিপূূূর্বে পটিয়া থেকে অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী বঙ্গবন্ধু সরকারের প্রতিরক্ষা ও শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু ৭৫’র ১৫ আগস্ট জাতির পিতাকে স্ব-পরিবারে স্বাধীনতা বিরোধী চক্র কর্তৃক হত্যার পর থেকে পটিয়া থেকে আর কেউ মন্ত্রী বা এর সমমর্যাদায় আসীন হতে পারেনি। ফলে পটিয়ার মানুষের মাঝে অপ্রাপ্তির খরায় হতাশা ভর করেছিল এতদিন।

বর্তমানে দীর্ঘ প্রতীক্ষার পর পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মহান জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় পটিয়াবাসী স্বস্তির নি:শ্বাস ফেলে। জানা যায়, আজ ১.৫০ মিনিটে তিনি চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে নভোএয়ার বিমান থেকে অবতরণ করে ৩ টায় চট্টগ্রাম সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপরে তিনি ৩.৩০ মিনিটে তার সংসদীয় এলাকা পটিয়ার রশিদাবাদে তার নিজ বাড়িতে মা-বাবার কবর জেয়ারত করে এলাকার জনসাধারণের সাথে পটিয়া হাউজে মতবিনিময়ে মিলিত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *