চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

সৌদিতে দেশের সঙ্গে মিল রেখে এসএসসি পরীক্ষায় অংশ নেন রিয়াদ-জেদ্দায় ২০২-শিক্ষার্থী

প্রকাশ: ২০১৯-০২-০৩ ০০:৩৮:২৭ || আপডেট: ২০১৯-০২-০৩ ০০:৩৮:২৭

খলিল চৌধুরী, সৌদিআরব:  বাংলাদেশের সঙ্গে মিল রেখে একযোগে মধ্যপ্রাচ্য সৌদি আরবেও ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবং ন্যাশনাল কারিকুলামে পরিচালিত এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। গত ২ ফেব্রুয়ারি শনিবার সৌদির স্থানীয় সময় সকাল ৭টায় পরীক্ষা শুরু হয়। পরীক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে প্রবেশ করেন। বাইরে ছিল অভিভাবকদের ভিড়। রিয়াদ এবং জেদ্দা ২টি কেন্দ্রে মোট ২০২ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয় ও মহাবিদ্যালয় রিয়াদ থেকে ৬৫ জন এবং জেদ্দা থেকে ১৩৭ জন পরীক্ষার্থী রয়েছে। রিয়াদ কেন্দ্রে পরীক্ষার্থীর উপস্থিতি শতভাগ হলেও জেদ্দা কেন্দ্রে একজন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রসচিব অধ্যক্ষ হামদুর রহমান।

এছাড়া রিয়াদের তিনজন নিয়মিত শিক্ষার্থী কেন্দ্র পরিবর্তন করে বাংলাদেশ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রশ্নফাঁসসহ সব অনিয়ম ঠেকাতে খুবই কড়াকড়ির মাধ্যমে ছাত্র ছাত্রীদেরকে পরিক্ষার আগে হলে প্রবেশ করানো হয়েছে। জেদ্দা কেন্দ্রে নিরাপত্তার জন্য মেটাল ডিটেক্টর ব্যবহার এবং সব পরীক্ষার্থীর দেহ তল্লাশি করে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হয়। তাছাড়া দুটি কেন্দ্রেই মোবাইল বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস যাতে সঙ্গে না থাকে তা নিশ্চিত করা হয়। জেদ্দায় কেন্দ্র পরিদর্শকের দায়িত্ব পালন করেন, জেদ্দা কনস্যুলেটের প্রথম সচিব (শিক্ষা ও শ্রম) কাজী কে এম সালাহ উদ্দিন। রিয়াদ কেন্দ্রের পরীক্ষা পরিদর্শক বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব মো. ফখরুল ইসলাম বলেন, সম্পূর্ণ নকলমুক্ত অত্যন্ত সুন্দর একটি পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সঠিক সময়ে সুন্দরভাবে পরীক্ষা গ্রহণে দূতাবাসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্রসচিব হামদুর রহমান জানান, ছাত্রছাত্রীরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং বিগত বছরের মতো এবারও শতভাগ পাশের সুনাম অক্ষুণ্ণ রাখার ব্যাপারে আশাবাদী। তিনি আরও জানান, ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনা মেনে এবং অভিন্ন প্রশ্নপত্রে জেদ্দা কনস্যুলেটের তত্ত্বাবধানে পরীক্ষা চলছে এই কেন্দ্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *