আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-০৪ ০০:৩৩:৩৮ || আপডেট: ২০১৯-০২-০৪ ০০:৩৩:৩৮
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির পিতার কন্যা মাননীয় শেখ হাসিনাকে এদেশের মানুষ নিরাপদ আশ্রয়স্থল ও উন্নয়ন সমৃদ্ধির প্রতিক হিসেবে ৪র্থ বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। শেখ হাসনিার সরকার সব সময় এদেশের মানুষের উন্নয়নে নিবেদিত ছিল এবং থাকবে। এর পাশাপাশি এ সরকার প্রবাসীদের যথাযথ গুরুত্ব প্রদান করে থাকে। কারণ প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকার সচল থাকে বিধায় তারা এদেশের উন্নয়ন সহায়ক হিসেবে সরকারের কাছে সব সময় আন্তরিকতাপূর্ণ সেবা প্রত্যাশা যেমন করে তেমনি সরকারও তা প্রদান করে থাকে। তিনি প্রবাসীদের যেকোনো সমস্যার বিষয়ে দ্রুত সমাধান প্রদানে সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়ে বলেন, শেখ হাসিনার সরকারের গৃহিত ও বাস্তবায়িত উন্নয়ন কর্মকান্ড আজ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।
তিনি আরো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও অনিয়মের বিভিন্ন অভিযোগ তুলে পুনরায় নতুন নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্ট শিশুসুলভ আচরণ করছে। তিনি শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে প্রত্যয় প্রবাসী কল্যাণ সংস্থার এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি এতে একজন প্রবাসীকে রাষ্ট্রদূত হিসেবে অভিহিত করে বলেন, দেশের বাহিরে এক কোটির বেশি প্রবাসী ভাই-বোনেরা সম্মানের সাথে কাজ করছেন। সুইডেন, ডেনমার্কসহ অনেক উন্নত দেশের জনসংখ্যাও ১ কোটি নয়। বিশ্বে অর্থনৈতিক মন্দার সময়েও তাদের পাঠানো রেমিটেন্সের কারণে একদিনের জন্য দেশের অর্থনীতি পর্যদুস্ত হয়নি। গত ৪০ থেকে ৪৫ বছর ধরে তাদের মেধা ও শ্রমের কারণে মধ্যপ্রাচ্য, মরুর বুকে সুউচ্চ অট্টালিকা তৈরি হচ্ছে। তাদের আচার-আচরণ, চিন্তা-চেতানার ওপর দেশের সম্মান, ভাবমূর্তি নির্ভর করে। গুটি কয়েকজনের জন্য এ সম্মান নষ্ট হতে পারে না। এ সময় মোহাম্মদ ইফতেখার হোসেন নামে এক প্রবাসীকে লিডিং বাই এক্সাম্পল এওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম।
এতে সভাপতিত্ব করেন লায়ন এম আব্দুস সালাম। পরিচালনা করেন লায়ন শফিউল আলম। উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদ উল্লাহ, উপদেষ্টা আব্দুল মান্নান আলহাজ্ব মোজাহের ইসলাম, মনির ইসলাম, হামিদুর রহমান, নুরুল হুদা, সেলিম জাহাঙ্গীর, একরাম চৌধুরী, মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, কানাডা প্রবাসী জেলা পরিষদের মেম্বার সালাম শাহ প্রমুখ।