নূর হোসেন মামুন ,
কাপ্তাই প্রতিনিধি :
প্রকাশ: ২০১৯-০২-০৫ ২৩:২৯:৩০ || আপডেট: ২০১৯-০২-০৫ ২৩:২৯:৩০
নূর হোসেন মামুন, কাপ্তাই : কাপ্তাইয়ের রাইখালীর কারিগরপাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু’কর্মী নিহতের দাবি জানিয়ে উক্ত ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অর্ধদিবস সড়ক অবরোধ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত ইউনিয়নের ভাল্লুকিয়া নামক এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন ও দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবীতে এই অবরোধ এবং সমাবেশের ডাক দেওয়া হয় বলে দলীয় সুত্রে জানা গেছে। রাইখালী ইউনিয়ন অা.লীগের সাধারণ সম্পাদক মো. ইউছুপ তালুকদার জানান, সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগের দু’জন কর্মী নিহতের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ভাল্লুক্যায় একটি পুলিশ ক্যাম্প স্থাপনের দাবীতে অদ্য সকাল থেকে বেলা ২টা পর্যন্ত অবরোধ কর্মসূচী শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে।
অবরোধ চলাকালীন রাইখালী-রাজস্থলী ও রাইখালী- বান্দরবান সড়কে কোন যানবাহন চলাচল করেনি। এসময় এসড়কে যাতায়াতকারী ব্যাবসায়ী, চাকরিজীবিসহ জনসাধারণকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে। অবরোধ কর্মসূচী চলাকালীন রাইখালী মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, উপজেলা আ.লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মংক্য মারমা, সাধারণ সম্পাদক ইউছুপ তালুকদার ও এনামুল হক মেম্বার সহ অারও অনেকে। এসময় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৪টার সময় ইউনিয়নের কারিগর পাড়ায় মাসিং মারমার চা-দোকান সংলগ্ন ফরেষ্ট অফিসের সামনে আলাপরত অবস্থায় সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে মংসিনু মারমা (৪০) ও তার বন্ধু মো. জাহিদ (৩২) ঘটনাস্থলেই প্রাণ হারায়। এরা দু’জন আওয়ামী লীগের কর্মী বলে দলীয় ভাবে দাবী করা হয়। এব্যাপারে যোগাযোগ করা হলে চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ টহল জোরদার করা হয়েছে। তবে ১দিন অতিবাহিত হলেও এখনও নিহতের পরিবার থেকে মামলা দায়ের করা হয়নি। তারা বলেছেন, নিহতের ধর্মীয় কর্ম শেষে তারা থানায় উপস্থিত হয়ে মামলা করবেন।